
টানা দুই মাস ভাটার পরও দেশের রপ্তানি আয় ইতিবাচক ধারায় রয়েছে। জুলাইয়ে রপ্তানি আয়ে বড় প্রবৃদ্ধির কল্যাণে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিক বা তিন মাস মিলিয়ে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৫ দশমিক ৬৪ শতাংশে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ হালনাগাদ তথ্যে দেখা যায়, চলতি বছরের সেপ্টেম্বর মাসে বিশ্ববাজারে বাংলাদেশের তৈরি পণ্য রপ্তানি হয়েছে প্রায় ৩৬২ কোটি ৭৬ লাখ ডলার। গত বছরের একই সময়ে এই আয় ছিল প্রায় ৩৮০ কোটি ২৯ লাখ ডলার। অর্থাৎ বছরের ব্যবধানে রপ্তানি আয় প্রায় ১৭ কোটি ৫৩ লাখ ডলার বা ৪ দশমিক ৬১ শতাংশ কমেছে।
তবে একক মাসে রপ্তানি আয় কমলেও সামগ্রিকভাবে ২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) আয় বেড়েছে ৫ দশমিক ৬৪ শতাংশ। এ সময়ে মোট রপ্তানি হয়েছে ১ হাজার ২৩১ কোটি ৩৯ লাখ ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৬৫ কোটি ৭৬ লাখ ডলার বেশি।
রপ্তানিতে বরাবরের মতোই শীর্ষে রয়েছে তৈরি পোশাক খাত। সেপ্টেম্বর মাসে পোশাক রপ্তানি থেকে আয় এসেছে ২৮৩ কোটি ৯৭ লাখ ৫০ হাজার ডলার, যা আগের বছরের তুলনায় প্রায় ৫ দশমিক ৬৬ শতাংশ কম। তবে তিন মাসের হিসাবে পোশাক খাতের রপ্তানি আয় বেড়ে দাঁড়িয়েছে ৯৯৭ কোটি ৪ লাখ ডলারে, যা গত বছর একই সময়ে ছিল ৯৫১ কোটি ৪৫ লাখ ডলার।
অন্য খাতগুলোর চিত্রও মিশ্র। সামগ্রিক রপ্তানি কমেছে—কৃষিপণ্যে ২ দশমিক ৩৭ শতাংশ; পাট ও পাটজাত পণ্যে ১ দশমিক ০৪ শতাংশ এবং গৃহস্থালির পণ্যে শূন্য দশমিক ৫৪ শতাংশ। উল্টো প্রবণতা দেখা গেছে প্রিন্টেড ম্যাটেরিয়ালস ও ইঞ্জিনিয়ারিং পণ্যে। এগুলোতে যথাক্রমে ৫৭ দশমিক ৫০ ও ৩৬ দশমিক ৪৩ শতাংশ এবং চামড়া ও চামড়াজাত পণ্যে ৩ দশমিক ৫৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
এর আগে চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে দেশের রপ্তানি আয় ১০ দশমিক ৬১ শতাংশ বৃদ্ধি পেয়ে ৮ দশমিক ৬৯ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছিল। আগস্ট মাসে রপ্তানি আয় দাঁড়িয়েছে ৩ দশমিক ৯২ বিলিয়ন ডলারে, যা ২০২৪ সালের আগস্টে অর্জিত ৪ দশমিক ০৩ বিলিয়ন ডলারের চেয়ে সামান্য অর্থাৎ ২ দশমিক ৯৩ শতাংশ কম।
এর আগে জুলাইয়ে পণ্য রপ্তানি আয়ে প্রবৃদ্ধি হয় ২৫ মাসের মধ্যে সর্বোচ্চ। চলতি অর্থবছরের প্রথম মাসে ৪৭৭ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যা গত বছরের জুলাইয়ের চেয়ে প্রায় ২৫ শতাংশ বেশি।

যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১১ মিনিট আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৬ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
১১ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১৫ ঘণ্টা আগে