Ajker Patrika

ইরান যুদ্ধের চড়া মূল্য চোকাচ্ছে মার্কিনিরা

আজকের পত্রিকা ডেস্ক­
ইরান যুদ্ধের চড়া মূল্য চোকাচ্ছে মার্কিনিরা
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধের চড়া মূল্য দিতে হচ্ছে যুক্তরাষ্ট্রের নাগরিকদের। যুদ্ধ শুরুর পর দেশটির বাজারে জ্বালানি গ্যাসের দাম বেড়েছে ২৩ শতাংশ। বেড়েছে তেলের দামও। এতে মার্কিনিদের জীবনযাত্রার ব্যয় অনেকাংশে বেড়ে গেছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী। এরপর থেকেই বিপর্যস্ত হয়ে পড়েছে বৈশ্বিক তেল ও গ্যাসের বাজার। আজ শনিবার যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম ছিল গ্যালন প্রতি গড়ে ৩ দশমিক ৬৮ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৫২ টাকা)।

৩ দশমিক ৭৯ নয় লিটারে এক গ্যালন হয়। সে হিসাবে যুক্তরাষ্ট্রে এখন প্রতি লিটার জ্বালানি তেলের দাম প্রায় ১২০ টাকা। সিএনএন বলেছে, যুদ্ধ শুরুর পর দেশটিতে তেলের দাম এ পর্যন্ত ২৩ শতাংশ বেড়েছে।

এদিকে গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রে ব্রেন্ট ফিউচারের দাম একদিনে ২ দশমিক ৬৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি দাঁড়িয়েছে ১০৩ দশমিক ১৪ ডলারে। আর অপরিশোধিত তেলের দাম এ দিন ৩ দশমিক ১১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি হয়েছে ৯৮ দশমিক ৭১ ডলার। সিএনএন বলেছে, ঐতিহাসিকভাবে গ্যাসের দামের তুলনায় তেলের দাম কয়েক দিন আগে বাড়ে। সে হিসাবে সামনের দিনগুলোয় যুক্তরাষ্ট্রে তেলের দাম যেমন বাড়তে পারে, গ্যাসের দাম বৃদ্ধিও প্রায় নিশ্চিত।

যুক্তরাষ্ট্রের বাজারে তেল ও গ্যাসের দামে অস্থিরতা শুরু হয়েছে ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার পরপরই। পারস্য উপসাগরকে ওমান উপসাগর হয়ে আরব সাগরে যুক্ত করা এই জলপথ দিয়ে বিশ্বের অপরিশোধিত তেলের প্রায় ২০ শতাংশ পরিবহন হয়।

মার্কিন জ্বালানি তথ্য প্রশাসনের তথ্যমতে, যুক্তরাষ্ট্রে সদ্য সমাপ্ত হওয়া সপ্তাহে ডিজেলের দাম বেড়ে গ্যালন প্রতি হয়েছে ৪ দশমিক ৮৫ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৯৫ টাকা)। সে হিসাবে দেশটিতে এখন এক লিটার ডিজেল কিনতে হচ্ছে ১৫৭ টাকায়। এই সপ্তাহের আগে মার্কিন খুচরা বাজারে ডিজেলের দাম ছিল ব্যারেল প্রতি ৩ দশমিক ৭১ ডলার (বাংলাদেশি মুদ্রায় ৪৫৫ টাকা)। এর সঙ্গে বেড়েছে জেট ফুয়েলের দামও। ফলে বেড়েছে উড়োজাহাজের টিকিটের দাম।

এদিকে হরমুজ প্রণালি বন্ধ থাকায় যুক্তরাষ্ট্রে খাদ্যপণ্য আমদানিতেও খরচ বেড়েছে। বাধাগ্রস্ত হচ্ছে সার উৎপাদনের উপাদান আমদানিও। বিশেষজ্ঞদের আশঙ্কা, খুব শিগগির এসবের সম্মিলিত প্রভাব পড়বে মার্কিন অর্থনীতিতে। প্রথমেই বাড়বে খাদ্যপণ্যের দাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত