বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা থাকলেও টানা দুই প্রান্তিকে বাংলাদেশে প্রকৃত বিদেশি বিনিয়োগ (এফডিআই) বেড়েছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিডা বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান উদ্ধৃত করে জানায়, ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বাংলাদেশে নিট এফডিআই দাঁড়িয়েছে ৩১ কোটি ৫০ লাখ ৯০ হাজার মার্কিন ডলার, যা ২০২৪ সালের একই সময়ের তুলনায় প্রায় ২০২ শতাংশ বেশি। এতে দেশের বিনিয়োগ পরিবেশে বিদেশি বিনিয়োগকারীদের আস্থার ইতিবাচক প্রতিফলন দেখা যাচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে নিট এফডিআই ছিল ১০ কোটি ৪৩ লাখ ৩০ হাজার ডলার। এক বছরের ব্যবধানে এফডিআইয়ের তিনটি প্রধান উপাদানেই উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। এর মধ্যে ইক্যুইটি বিনিয়োগ ৩১ দশমিক ৬৯ শতাংশ বেড়ে আগের বছরের ৭ কোটি ৬৭ লাখ ৯০ হাজার ডলার থেকে ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকে দাঁড়িয়েছে ১০ কোটি ১১ লাখ ২০ হাজার ডলারে।
সবচেয়ে বেশি প্রবৃদ্ধি এসেছে পুনর্বিনিয়োগকৃত আয় বা রিইনভেস্টেড আর্নিংস খাতে। ২০২৪ সালের তৃতীয় প্রান্তিকে যেখানে এ খাতে বিনিয়োগ ছিল ৭ কোটি ২৯ লাখ ডলার, সেখানে ২০২৫ সালের একই সময়ে তা বেড়ে হয়েছে ২১ কোটি ১৪ লাখ ৭০ হাজার ডলার, যা শতকরা হিসাবে ১৯০ দশমিক শূন্য ৭ শতাংশ বৃদ্ধি।
অন্যদিকে, আত্মপ্রতিষ্ঠার ঋণ বা ইন্ট্রা-কোম্পানি লোন খাতেও ইতিবাচক পরিবর্তন এসেছে। আগের বছর যেখানে এই খাতে নিট বিনিয়োগ ছিল ঋণাত্মক ৪ কোটি ৫৩ লাখ ৬০ হাজার ডলার, সেখানে ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকে তা ঘুরে দাঁড়িয়ে ২৪ লাখ ৯০ হাজার ডলারের ইতিবাচক অবস্থানে পৌঁছেছে।
সামগ্রিকভাবে চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে মোট নিট এফডিআই দাঁড়িয়েছে ১৪১ কোটি মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ের ৭৮ কোটি ডলারের তুলনায় প্রায় ৮০ শতাংশ বেশি।
এর আগে ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকেও (এপ্রিল-জুন) ইতিবাচক ধারা বজায় ছিল। ওই প্রান্তিকে নিট এফডিআই ছিল ৩০ কোটি ৩২ লাখ ৭০ হাজার ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৪ শতাংশ বেশি। ফলে বছরের প্রথম ছয় মাসে নিট এফডিআই আগের বছরের একই সময়ের তুলনায় ৬১ শতাংশের বেশি বেড়েছে।
বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, ব্যবসা পরিবেশ উন্নয়ন এবং সম্ভাবনাময় বিনিয়োগের একটি বিশ্বাসযোগ্য পাইপলাইন তৈরি করাই বিডার মূল লক্ষ্য। তাঁর ভাষায়, এই পাইপলাইন থেকে বাস্তব বিনিয়োগ আসতে শুরু করা অত্যন্ত উৎসাহজনক। তুলনামূলক মানদণ্ড এখনো নিচু হলেও টানা দুই প্রান্তিকের এই প্রবৃদ্ধি প্রমাণ করে বিনিয়োগকারীরা বাংলাদেশে আস্থা রাখছেন।

দেশে সোনার দাম আবারও বৃদ্ধি পেয়েছে। এবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা।
১ ঘণ্টা আগে
যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৮ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
১২ ঘণ্টা আগে