Ajker Patrika

রিহ্যাবের নতুন প্রেসিডেন্ট মো. আলী আফজাল ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
রিহ্যাবের নতুন প্রেসিডেন্ট মো. আলী আফজাল ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক
ফলাফল ঘোষণার পরপরই নবনির্বাচিত নেতারা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন। ছবি: সংগৃহীত

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের চূড়ান্ত ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। আপিল বোর্ডের শুনানি শেষে আজ মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৮টার দিকে নির্বাচন কমিশন এ ফলাফল ঘোষণা করে। কোনো ধরনের পরিবর্তন না থাকায় আগে প্রকাশিত প্রাথমিক ফলাফলই চূড়ান্ত হিসেবে বহাল রাখা হয়।

ফলাফল ঘোষণার পরপরই নবনির্বাচিত নেতারা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন, যা সংগঠনের নতুন যাত্রার সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে।

এর আগে গত শনিবার (১৮ এপ্রিল) দিনব্যাপী শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে গভীর রাত পর্যন্ত ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা সম্পন্ন করে নির্বাচন কমিশন। রাত প্রায় ১টার দিকে প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়, যা পরে যাচাই-বাছাই শেষে চূড়ান্ত ফলাফল হিসেবে অনুমোদন পেল।

ঘোষিত ফলাফলে প্রেসিডেন্ট পদে ড. মো. আলী আফজাল ২৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে আব্দুর রাজ্জাক ২১৬ ভোট পেয়ে নির্বাচিত হন। সহসভাপতি-১ পদে মোহাম্মদ আকতার বিশ্বাস ২৫০ ভোট, সহসভাপতি-২ পদে আবু খালিদ মো. বরকতুল্লাহ ২৫৫ ও সহসভাপতি-৩ পদে এ এফ এম উবায়দুল্লাহ ২৩৪ ভোট পেয়ে জয়লাভ করেন। অর্থবিষয়ক সহসভাপতি পদে ড. মো. হারুন অর রশিদ সর্বোচ্চ ২৬২ ভোট পেয়ে নির্বাচিত হন।

চট্টগ্রাম অঞ্চলের সহসভাপতি পদে মোহাম্মদ মোরশেদুল হাসান ৩১৭ ভোট পেয়ে বিজয়ী হয়ে বিশেষভাবে নজর কাড়েন। মুহাম্মদ লাবিব বিল্লাহ্ ৩৩৮ ভোট পেয়ে সকল প্রার্থীর মধ্যে শীর্ষস্থান অর্জন করে পরিচালক পদে বিজয়ী হন। পরিচালক পদে উম্মে জাহান আরজু ও হাবিবুর রহমান হাবিব সমান ৩০৪ ভোট পেয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন। নির্বাচিত অন্য পরিচালকদের মধ্যে রয়েছেন—এ জেড এম কামরুদ্দিন, ক্যাপ্টেন মো. শাহ আলম, মো. খাজা নাজিবুল্লাহ, শেখ কামাল, মো. এমদাদুল হোসেন সোহেল, ড. এন জোহা, আলহাজ প্রফেসর মো. ফারুক আহমদ, তাসনোভা মাহবুব সালাম, মো. জহির আহমেদ, মো. জাহিদ হোসেন, ইঞ্জিনিয়ার মো. মোস্তফা কামাল, মো. এমদাদুল হক, মো. মাহবুবুর রহমান, এম ফখরুল ইসলাম, ইঞ্জিনিয়ার মঞ্জুরুল ফরহাদ ফিলিপ, সুরুজ সরদার ও আলহাজ গোলাম কিবরিয়া মজুমদার।

চট্টগ্রাম অঞ্চল থেকে দুজন পরিচালক নির্বাচিত হয়েছেন—এ এস এম আব্দুল গফফার মিয়াজী ও সারিস্ত বিনতে নুর। পাশাপাশি রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির ছয়জন সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন—নূর মোহাম্মদ, ইঞ্জি. এস কে নাজিম উদ্দিন, সৈয়দ ইরফানুল আলম, আশিস রায় চৌধুরী, হৃষিকেশ চৌধুরী এবং এস এম শহিদুল্লাহ।

এবারের নির্বাচনে মোট তিনটি প্যানেল ও এককভাবে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন প্রার্থীরা। প্যানেল তিনটি হলো—প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ, আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ ও জাগরণ প্যানেল। ফলাফলে দেখা যায়, প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স), ভাইস প্রেসিডেন্ট-২, ভাইস প্রেসিডেন্ট-৩, ১০ জন পরিচালকসহ মোট ১৫টি পদে জয়লাভ করে। অন্যদিকে আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ ভাইস প্রেসিডেন্ট-১, ভাইস প্রেসিডেন্ট (চট্টগ্রাম) এবং ১২টি পরিচালক পদসহ মোট ১৪টি পদে বিজয়ী হয়। তবে জাগরণ প্যানেল থেকে কোনো প্রার্থী জয়লাভ করতে পারেননি।

নবগঠিত কমিটি আবাসন খাতের সার্বিক উন্নয়নে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে। তারা ডেভেলপার, ক্রেতা, বিনিয়োগকারীসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সঙ্গে নিয়ে সমন্বিত উদ্যোগ নেওয়ার মাধ্যমে আবাসন খাতের দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে অগ্রাধিকার দেবে বলে জানিয়েছে। একই সঙ্গে নির্মাণ বিধিমালা সংশোধন, নীতিগত জটিলতা দূর করা, নিবন্ধন ব্যয় যৌক্তিক পর্যায়ে আনা ও ব্যাংকঋণ প্রাপ্তির সুযোগ বাড়াতে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরিকল্পনার কথাও উল্লেখ করেছেন নেতারা।

নতুন কমিটির অন্যতম লক্ষ্য হিসেবে রিহ্যাবের একটি আধুনিক ও নিজস্ব ভবন নির্মাণের উদ্যোগ নেওয়ার কথাও জানানো হয়েছে, যা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও প্রাতিষ্ঠানিক ভিত্তি দেবে। পাশাপাশি সদস্যদের কল্যাণে বিভিন্ন সেবা কার্যক্রম চালু, প্রশিক্ষণ, নেটওয়ার্কিং সুযোগ বৃদ্ধি এবং ব্যবসায়িক সহায়তা দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

নেতারা আশা প্রকাশ করেছেন, সমন্বিত উদ্যোগ, দূরদর্শী নেতৃত্ব ও কার্যকর পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে রিহ্যাব নতুন কমিটির অধীনে আরও গতিশীল হয়ে উঠবে। এসব উদ্যোগের মাধ্যমে একটি সদস্যবান্ধব, কার্যকর ও শক্তিশালী রিহ্যাব গড়ে তোলা সম্ভব হবে, যা আবাসন খাতকে আরও এগিয়ে নিয়ে যাবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আগামীকাল বুধবার (২২ এপ্রিল) বেলা ১১টায় রিহ্যাব অফিসে নতুন কমিটির জরুরি বোর্ড সভা ডেকেছেন নতুন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত