
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ঘোষিত কৃষিঋণ মওকুফ সুবিধার আওতায় এসেছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ৮ হাজার ৮৪৩ সদস্য।
সরাসরি কৃষিকাজে নিয়োজিত এই বিপুলসংখ্যক সদস্যের ঋণের দায়ভার লাঘব হওয়ায় বাহিনীর তৃণমূল পর্যায়ে স্বস্তি ফিরেছে।
রাজধানীর রাজারবাগে আনসার-ভিডিপি ব্যাংকের প্রধান কার্যালয়ে বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মীর মোফাজ্জল হোসেন।
তিনি জানান, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গ্রামপর্যায়ে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে গ্রাম সরকার গঠনের পাশাপাশি ভিলেজ ডিফেন্স পার্টি (ভিডিপি) বা গ্রাম প্রতিরক্ষা বাহিনী গঠন করেন।
ব্যবস্থাপনা পরিচালক জানান, সারা দেশে আনসার ও ভিডিপির প্রায় ৬১ লাখ সদস্য রয়েছে। এর মধ্যে অল্পসংখ্যক সদস্য সরকারি চাকরিতে নিয়োজিত। তাঁদের প্রায় ৯৮ শতাংশই সরাসরি কৃষিকাজের সঙ্গে যুক্ত। ফলে কৃষিঋণ মওকুফের সুবিধায় আনসার-ভিডিপির ৮ হাজার ৮৪৩ জন সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন। এ জন্য সরকারের প্রায় সাত কোটি টাকা ব্যয় হবে।
তিনি বলেন, ‘আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সর্ববৃহৎ বাহিনী। এ বাহিনীর বেশির ভাগ সদস্য সরকারি কর্মে নিয়োজিত নন। কেবল কিছু সদস্য যেমন— বিসিএস আনসার ক্যাডার, ব্যাটালিয়ন আনসার ও সাধারণ আনসার সরকারি চাকরি করেন।’
তিনি আরও বলেন, ‘উপজেলা, জেলা ও ইউনিয়ন পর্যায়ে কিছু আনসার সদস্য সরকারি চাকরি করেন এবং বেতন-ভাতা পান। তবে ভিডিপির সদস্যরা মূলত স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেন। তাঁরা নির্বাচন, ঈদ বা পূজার সময় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করেন। তাঁরা শুধু সেই সময়ের জন্যই দৈনিক ভাতা পান। বছরের বাকি সময় তাঁদের কোনো বেতন-ভাতা নেই। ফলে জীবনধারণের জন্য তাঁরা হাঁস-মুরগি পালন, মৎস্য চাষ ও বৃক্ষরোপণসহ বিভিন্ন কৃষিভিত্তিক কর্মকাণ্ডে জড়িত থাকেন।’
মীর মোফাজ্জল হোসেন জানান, আনসার-ভিডিপির প্রায় ৬১ লাখ সদস্য সমাজের নিম্ন আয়ের স্তরে বাস করেন।
তিনি জানান, তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তাকারী দরিদ্র আনসার-ভিডিপি সদস্যদের কল্যাণে ১৯৯৫ সালে তৎকালীন বিএনপি সরকারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে আনসার-ভিডিপি ব্যাংক প্রতিষ্ঠা করা হয়।
ব্যবস্থাপনা পরিচালক বলেন, এই ব্যাংকের মাধ্যমে সদস্যদের স্বাবলম্বী করতে ক্ষুদ্র ও মাঝারি ঋণ দেওয়া হয়। অধিকাংশ ক্ষেত্রেই এসব ঋণ বিনা জামানতে দেওয়া হয়।
তিনি জানান, এ পর্যন্ত সারা দেশে আনসার-ভিডিপির প্রায় সাড়ে ছয় লাখ সদস্যকে ক্ষুদ্র ও মাঝারি ঋণসহায়তা দেওয়া হয়েছে। ঋণ আদায়ের হার সন্তোষজনক, খেলাপি নেই বললেই চলে।
তিনি বলেন, সদস্যদের এক, দুই ও সর্বোচ্চ তিন বছরমেয়াদি ঋণ দেওয়া হয়, যা মাসিক কিস্তিতে পরিশোধযোগ্য। সদস্যরা নিয়মিত কিস্তি পরিশোধ করছেন।
ব্যবস্থাপনা পরিচালক জানান, সারা দেশে ২৬৩টি শাখার মাধ্যমে আনসার-ভিডিপি ব্যাংকের কার্যক্রম পরিচালিত হচ্ছে। বর্তমানে এতে ২ হাজার ৮৬৩ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত আছেন। এর মধ্যে প্রায় ৮০০-র বেশি পদ শূন্য রয়েছে। এসব পদে নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, আনসার-ভিডিপি সদস্যদের উন্নয়নে সরকারের কাছে একটি প্রস্তাব দেওয়া হয়েছে। এতে ব্যাংকের শাখা বৃদ্ধি এবং মূলধন ঘাটতি পূরণে বরাদ্দ বাড়ানোর বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সরকার শিগগিরই এ প্রস্তাব অনুমোদন করবে।

যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২৮ মিনিট আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৭ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
১১ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১৫ ঘণ্টা আগে