
টাঙ্গাইলের নাগরপুরে একটি স্কুল ক্যাম্পাসে সরকারি পাঠ্যবইবোঝাই ট্রাকসহ তিনজনকে আটক করা হয়েছে। উপজেলার মোকনা ইউনিয়নের আগদিঘুলিয়ায় এম বোরহান উদ্দিন উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, স্কুলের প্রধান শিক্ষক মো. মজিবর রহমান বইগুলো কেজি দরে বিক্রি করে দিয়েছেন। আজ বৃহস্পতিবার ক্রেতা বইগুলো ট্রাকে করে নিয়ে যাচ্ছিলেন। বই বিক্রির খবর পেয়ে দুপুরে নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত মোহম্মদ নোমান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহাম্মেদ স্কুলে উপস্থিত হন। এ ঘটনার পর থেকে স্কুলের প্রধান শিক্ষক মো. মজিবর রহমানের খোঁজ মিলছে না।
স্থানীয় লোকজন জানায়, স্কুলের প্রধান শিক্ষক মো. মজিবর রহমান সরকারি পাঠ্যবই ২০ টাকা কেজি দরে কালোবাজারে বিক্রি করে দিয়েছেন। ক্রেতা বইবোঝাই ট্রাক নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ইউএনওকে খবর দেন। পরে ইউএনও আরাফাত মোহম্মদ নোমান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহাম্মেদ আজ বেলা ১টার দিকে স্কুল ক্যাম্পাস থেকে বইসহ ট্রাকটি জব্দ করেন। বইগুলো মির্জাপুর নিয়ে যাওয়া হচ্ছিল বলেও স্থানীয়রা জানায়।
এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা নাদির আহাম্মেদ বলেন, নতুন বছর ২০২৫ সালের বইসহ একটি ট্রাক জব্দ করে থানায় পাঠানো হয়েছে।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি মাহাবুর রহমান বলেন, ‘বই বিক্রির বিষয়টি আমি জানি না।’
নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা বইসহ ট্রাক জব্দ করে থানায় পাঠিয়েছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে বক্তব্য জানতে প্রধান শিক্ষক মো. মজিবর রহমানের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
আজ রাত ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে