
টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামের বহুতল ভবনে ভবঘুরেদের জন্য আশ্রয়কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন এক তরুণী।
ছাত্র সমন্বয়ক পরিচয় দেওয়া মারইয়াম মুকাদ্দাস মিষ্টি নামের ওই তরুণী আজ শনিবার সকালে ২০ জন ভবঘুরেকে নিয়ে জেলা শহরের ছোট কালীবাড়িতে তালা ভেঙে ছয়তলা ওই ভবনে ওঠেন। ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর এই ভবন ছেড়ে জোয়াহেরুলের পরিবারের সদস্যরা আত্মগোপনে চলে যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, মারইয়াম ৬ ফেব্রুয়ারি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কার্যালয়, জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি ফজলুর রহমান খান ফারুকের বাসাসহ দলের বেশ কয়েকজন নেতার বাসা ভাঙচুরে নেতৃত্ব দেন। তিনি এক্সকাভেটর বা ভেকু মেশিনের চালকের পাশে বসে ভাঙচুর কার্যক্রম পরিচালনা করেন।

জোয়াহেরুল ভবন দখলের ব্যাপারে মারইয়াম বলেন, ‘এটি জবরদখল নয়, এই বাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করা হবে না। জনগণের অর্থ লুট করে ভবন করেছে। সেই ভবনে অবহেলিত-বঞ্চিত মানুষগুলোর আবাসস্থল গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আমি সামাজিক যোগাযোগমাধ্যমে আগেই ঘোষণা দিয়েছিলাম পাগলের আশ্রম গড়ার। সেই কার্যক্রম শুরু হলো আল মোকাদ্দাস ফাউন্ডেশনের ২০ জন পাগল নিয়ে। তারাই এখানে বসবাস করবে।’
মারইয়াম জানান, আওয়ামী লীগের কার্যালয় ও ফজলুরের বাসা ছাত্র-জনতা ভেঙে দেওয়ার সময় জোয়াহেরুলের বাসা না ভাঙার অনুরোধ এসেছিল। তখন বাসা না ভেঙে প্রয়োজনে আশ্রম করার প্রস্তাব দেওয়া হয়। সে জন্য ভাঙা হয়নি। সেই বাসাতেই আশ্রম করা হলো। তবে কে এই প্রস্তাব দিয়েছেন, তা তিনি জানাননি।

আবাসিক এলাকায় এমন আশ্রয়কেন্দ্র স্থাপন ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে অস্বস্তি বিরাজ করছে। এ ব্যাপারে মারইয়াম বলেন, ‘যদি স্থানীয় বাসিন্দাদের অসুবিধা হয়, তাহলে যারা বেশি পাগল, তাদের স্থানান্তর করে অন্য কোনো আওয়ামী লীগ নেতার বাসায় নেওয়া হবে। এই বাসায় যারা কম পাগল, তাদের রাখা হবে।’
এ বিষয়ে কথা হলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টাঙ্গাইলের সমন্বয়ক আল আমিন জানান, কারও বাড়ি দখল করার কোনো কার্যক্রম তাঁরা নেননি। মারইয়াম মুকাদ্দাস মিষ্টি নামের একজন নারী ছাত্র প্রতিনিধি তথা সমন্বয়ক পরিচয়ে এক আওয়ামী লীগ নেতার বাসায় ‘পাগলের আশ্রম’ করেছেন বলে তিনি শুনেছেন। তবে তাঁরা এটা কোনোভাবেই সমর্থন করেন না।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহম্মেদ জানান, বিষয়টি তিনি লোকমুখে শুনেছেন। যেহেতু ছাত্র-জনতার আন্দোলনে নেতৃত্বদানকারী শিক্ষার্থীরা নতুন রাজনৈতিক দল গঠন করেছেন। সেখানে ছাত্র প্রতিনিধি বা সমন্বয়ক বলতে আর কিছু থাকে বলে তাঁর মনে হয় না। এর চেয়ে বেশি কিছু তিনি বলতে রাজি হননি।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২১ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
২ ঘণ্টা আগে