
সুনামগঞ্জে বাঁধ ভেঙে মনাই নদের পানি ঢুকে ইকরাছই হাওরের প্রায় ১১৪ হেক্টর বোরো ধানের জমি তলিয়ে গেছে। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোরে মধ্যনগর উপজেলার এরন বিলের ইকরাছই হাওরের বাঁধ ভেঙে যায়।
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যনগর উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের হামিদপুর গ্রামসংলগ্ন মনাই নদের তীরবর্তী ভেঙে যাওয়া বাঁধটি মূলত গ্রামীণ রাস্তা। এটি পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) আওতাভুক্ত কোনো বাঁধ নয়। আজ ভোরে মনাই নদের পানির চাপে বাঁধটি ভেঙে গেলে এরন বিলের ইকরাছই হাওরটি তলিয়ে যায়। হামিদপুর, চানপুর, গড়াকাটা, হরিনাকান্দি ও চান্দালিপাড়া গ্রামের শতাধিক কৃষক এই হাওরে বোরো ধান আবাদ করেছেন।
স্থানীয় কৃষি অধিদপ্তরের তথ্যমতে, এই হাওরে ১১৪ হেক্টর বোরো জমি রয়েছে। এর মধ্যে প্রায় অর্ধেক জমির ধান কেটে ফেলেছেন কৃষকেরা। তবে স্থানীয় কৃষকদের হিসাবে, এখানে আবাদ করা জমির পরিমাণ আরও বেশি। প্রায় ৪০ ভাগ জমির ধান কাটা সম্ভব হয়েছে।
হামিদপুর গ্রামের কৃষক মো. কিবরিয়া বলেন, ‘এই জায়গাডা ভাইঙা যাওয়ায় অনেক ধানের ক্ষতি হইছে। এখন সবার ধান কাটার সময়। হাওরে কামলা (শ্রমিক) নাই। সবাই সবার ধান কাটা লইয়া ব্যস্ত। এই ফাঁকে বান্ধটা ভাইঙা গেছে।’ তিনি বলেন, ‘এইখানে ভাইঙা যাওয়ার কোনো লক্ষণ আছিল না। বৃষ্টির পানিতে গাঙ ভরপুর হওয়ায় হঠাৎ কইরা বান্ধটা ভাইঙা যায়। এখন এই বান্ধ বান্ধার কোনো সুযোগ নাই।’
স্থানীয় ইউপি সদস্য মো. কামাল মিয়া বলেন, ‘হামিদপুর গ্রামের কাছাকাছি যে জায়গাটা ভাঙছে, এইটা এইভাবে ভাঙবার কথা না। এই জায়গাটা আসলে ভালো কইরা বান্ধা হইছে না। বস্তা দিয়া কোনো রকম আটকাইয়া রাখা হইছে। নদীতে যে পানি আইছে, সেই পানির তোড়েই ভাইঙা গেছে। চার-পাঁচটা গ্রামের কৃষক ক্ষতিগ্রস্ত হইছে।’
মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় ঘোষ বলেন, যে জায়গাটুকু ভেঙেছে, সেটা পায়ে হাঁটার মাটির রাস্তা। এটা পানি উন্নয়ন বোর্ডের আওতাভুক্ত কোনো বাঁধ নয়। হাওরে ১১৪ হেক্টর জমি ছিল। তিনি বলেন, কৃষি অফিসের তথ্যমতে, এখানে ১০ হেক্টর বোরো জমির ক্ষতি হতে পারে। উঁচু জমি যতটুকু আছে, সেগুলো ডুববে না। সেই ধান কাটতে পারবেন কৃষকেরা। শুধু নিচু অংশটুকু তলিয়ে গেছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে