
শেরপুরের শ্রীবরদীতে আওয়ামী লীগের মশাল মিছিলের ঘটনায় দায়ের করা নাশকতার মামলায় জামায়াত নেতাকে আসামি করায় থানা গেটে বিক্ষোভ করেছে জামায়াতে ইসলামী। আজ রোববার (২৩ নভেম্বর) দুপুরে জেলা জামায়াতের সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জামায়াত মনোনীত প্রার্থী মো. নুরুজ্জামান বাদলের নেতৃত্বে বিক্ষোভ হয়।
জানা গেছে, শ্রীবরদী মধ্যবাজারে উপজেলা জামায়াতে ইসলামী কার্যালয়ের সামনে মিছিল নিয়ে নেতা-কর্মীরা থানা গেটে গিয়ে দাঁড়ান। পরে মো. নুরুজ্জামান বাদলসহ জামায়াতের সিনিয়র নেতারা শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজমের কক্ষে যান এবং তাঁকে ঘটনার বিস্তারিত জানান। পরে শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম মোবাইল ফোনে নুরুজ্জামান বাদলের সঙ্গে কথা বলে আগামী দুই দিনের মধ্যে বিষয়টির সুরাহার আশ্বাস দেন। এরপর জামায়াত নেতারা বিক্ষোভ তুলে নেন।
জেলা জামায়াতের সেক্রেটারি মো. নুরুজ্জামান বাদল বলেন, ‘আমাদের কর্মীদের প্রতিপক্ষরা বিভিন্নভাবে হুমকি দেয় যে তোমরা যারা দাঁড়িপাল্লার পক্ষে কাজ করবে, তাদের নামে মামলা দেওয়া হবে, তাদের তালিকা করা হচ্ছে। ২১ নভেম্বর শেষ রাতে যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে মশাল মিছিল হয়েছে। ওই ঘটনায় একটি মামলা হয়েছে। সেই মামলায় শ্রীবরদী পৌর জামায়াতের ৮ নম্বর ওয়ার্ড যুব শাখার সভাপতি আলমাস হোসাইনের নাম ঢোকানো হয়েছে। এই বিষয়েই আমরা থানায় এসেছিলাম। শেরপুরের পুলিশ সুপার আমাদের আশ্বস্ত করেছেন, আগামী দুই দিনের মধ্যে তদন্ত করে আইনি প্রক্রিয়ায় তাকে অব্যাহতি দেওয়া যায়, সেটি দেখবেন। উনাদের সহযোগিতামূলক আচরণের জন্য আমরা তাদের ধন্যবাদ জানাচ্ছি।’
জামায়াত নেতা আরও বলেন, ‘এ আসনের নির্বাচন নিঃসন্দেহে একটি প্রতিযোগিতামূলক নির্বাচন হবে। আমার প্রতিপক্ষ বিএনপির যিনি প্রার্থী রয়েছেন, তিনি হেভিওয়েট ও তিনবারের সংসদ সদস্য। আমরা একসঙ্গে রাজনীতি করেছি। তিনিও একজন ভালো মানুষ। তারপরও কর্মীদের মাঝে উত্তেজনা সৃষ্টি হলে অনেক কথাই আসে। প্রশাসনকে অনুরোধ করব, যাতে অপ্রয়োজনীয়ভাবে কেউ হয়রানি না হয় এবং নির্বাচনে কোনো হুমকি-ধমকির ঘটনা না ঘটে, সেদিকে লক্ষ রাখার জন্য।’
এ ব্যাপারে শ্রীবরদী থানার ওসি রবিউল আজম আজকের পত্রিকাকে বলেন, ‘নাশকতার মামলায় একজন আসামির বিষয়ে জানাতে জামায়াত নেতারা থানায় এসেছিলেন। পরে এসপি স্যার নিজেই মোবাইল ফোনে তাঁদের সঙ্গে কথা বলে ঘটনাটি তদন্ত করে দুই দিনের মধ্যে আইনগত প্রক্রিয়ায় সুরাহার আশ্বাস দিয়েছেন।’
উল্লেখ্য, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের প্রতিবাদে ২১ নভেম্বর রাতে শেরপুরের শ্রীবরদীতে মশাল মিছিল বের করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতা-কর্মী। ওই ঘটনায় সাদ্দাম হোসেন নামে এক ব্যক্তি বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করে মামলা করেন। ওই মামলায় জামায়াত নেতা আলমাস হোসাইনকে ২৮ নম্বর আসামি করা হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে