
রাজশাহীতে কীটনাশক পানে হাসিনা খাতুন (২১) নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাতে তিনি মারা যান। ঘটনার পর থেকে স্বামীসহ শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক রয়েছেন।
স্বজনদের অভিযোগ, হাসিনা মারা যাওয়ার পর হাসপাতালেই তাঁর শরীর থেকে স্বর্ণালংকার খুলে নিয়ে পালিয়ে যান স্বামী মো. রাতুলসহ সঙ্গে থাকা অন্যরা।
পারিবারিক সূত্রে জানা গেছে, হাসিনা দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। হাসপাতালে ভর্তি অবস্থায় তাঁর সঙ্গে ছিলেন স্বামী রাতুল, বোন লাইলা খাতুন এবং রাতুলের দুই বন্ধু। মৃত্যুর পরপরই তাঁরা হাসপাতাল ত্যাগ করেন।
হাসিনার বাড়ি নওগাঁর সাপাহার উপজেলার আন্দারদিঘি গ্রামে। তাঁর বাবার নাম হাসান আলী। প্রায় সাত মাস আগে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ি মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা রাতুলের সঙ্গে তাঁর বিয়ে হয়।
হাসিনার খালাতো ভাই রবিউল ইসলাম জানান, রাতুল মাদক কারবারের সঙ্গে জড়িত এবং নিজেও মাদক সেবন করেন। বিয়ের পর থেকেই তিনি হাসিনাকে বাবার বাড়ি থেকে ১ লাখ টাকা এনে দেওয়ার জন্য চাপ দিতেন। ওই টাকা দিয়ে ফেনসিডিলের ব্যবসা করার পরিকল্পনা ছিল বলে অভিযোগ। টাকা না আনায় প্রায়ই হাসিনার ওপর নির্যাতন চালানো হতো। নির্যাতন সহ্য করতে না পেরে গত সোমবার দিবাগত রাতে হাসিনা কীটনাশক পান করেন।
পরে তাঁকে প্রথমে প্রেমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, এই ঘটনায় বুধবার হাসিনার বোন মেহেরুন্নেসা থানায় অভিযোগ দায়ের করেছেন। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তিনি জানান, মৃত্যুর পর থেকে স্বামীসহ শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক রয়েছেন।
হাসিনার মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১০ ঘণ্টা আগে