
তথ্য অধিকার আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও এর ব্যবহারিক প্রয়োগ বিষয়ে রাজশাহীতে দিনব্যাপী অংশীজন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এতে মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা বলেছেন, তথ্য অধিকার আইনের কার্যকর বাস্তবায়ন হলে রাষ্ট্রে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠা আরও শক্তিশালী হবে। এ জন্য এই আইন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আজ মঙ্গলবার নগরের সাহেববাজার এলাকার একটি রেস্তোরাঁয় বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এই প্রশিক্ষণের আয়োজন করে। এতে তথ্য অধিকার আইন, আবেদন ও আপিলপ্রক্রিয়া নিয়ে আলোচনা করেন বেলার রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়কারী তন্ময় কুমার সান্যাল।
বেলার কর্মসূচি ও মাঠ সমন্বয়কারী এ এম এম মামুন তথ্য অধিকার আইন ব্যবহার করে পরিবেশ, ভূমি ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে তথ্য সংগ্রহের অভিজ্ঞতা তুলে ধরেন। জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরিন আইন বাস্তবায়নের চ্যালেঞ্জ ও তা মোকাবিলার কৌশল নিয়ে বক্তব্য দেন।
প্রশিক্ষণের অংশ হিসেবে অংশগ্রহণকারীরা তিনটি দলে বিভক্ত হয়ে তথ্য অধিকার আইনের আওতায় আবেদনপত্র প্রস্তুত ও উপস্থাপন করেন। প্রশিক্ষণ কর্মশালায় রাজশাহী বিভাগের আট জেলার সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষার্থী, আইনজীবীসহ ২৫ জন অংশ নেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১০ ঘণ্টা আগে