
আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই বলে মন্তব্য করেছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। তিনি বলেন, ‘আওয়ামী লীগ যেভাবে গেছে, আমি সেভাবে যেতে চাই না। শাহরিয়ার যেভাবে পালিয়ে গেছে, আমি সেভাবে পালাতে চাই না। আমি দেশের মানুষের সঙ্গে থাকতে চাই। ১০ দিনের জন্য থাকলেও মানুষকে শান্তি দিতে চাই।’
আজ বৃহস্পতিবার বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মাদক, চাঁদাবাজি ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে আবু সাইদ চাঁদ বলেন, ‘বিএনপির লোক হলেও যারা মাদক কারবারের সঙ্গে জড়িত, তাদের থানায় নিয়ে এসে বাঁধেন। কোনো নেতা যদি তদবির করতে যায়, তাকেও ধরবেন। মাদকের সঙ্গে আমার কোনো আপস হবে না।’
থানার ওসিদের কঠোর হওয়ার আহ্বান জানিয়ে আবু সাইদ চাঁদ বলেন, পুলিশের কোনো সদস্য যদি মাদক কারবারিদের সঙ্গে মাসিক বা সাপ্তাহিক চুক্তিতে জড়িত থাকে, তাদের সতর্ক করতে হবে। প্রয়োজনে আইনশৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি তোলা হবে বলেও জানান তিনি।
বিজিবির অভিযানে উদ্ধার হওয়া মাদক ‘পরিত্যক্ত’ দেখিয়ে মামলা দেওয়ার সমালোচনা করে আবু সাইদ বলেন, ‘মাল ধরলেন, আসামি কই? মানুষ কি এটা বিশ্বাস করবে?’
নবনির্বাচিত সংসদ সদস্য বলেন, ‘দেশের মানুষ যাতে চিকিৎসার জন্য ভারতে যেতে বাধ্য না হয়, সে পরিবেশ তৈরি করতে হবে। আমাদের ডাক্তাররা কি লেখাপড়া জানেন না? নাকি নকল করে পাস করেছেন? আমরা চাই, দেশের মানুষ দেশেই উন্নত চিকিৎসা পাক।’
বাঘা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে আবু সাইদ চাঁদ ছয় মাসের মধ্যে সেবার মান উন্নয়নের আহ্বান জানান এবং প্রয়োজন হলে আর্থিক সহায়তার আশ্বাস দেন।
রাজশাহী জেলা বিএনপি নেতা চাঁদ বলেন, ‘আমাকে ঢাকা বা বিদেশে বাড়ি করতে হবে না। আমি কোনো চাঁদাবাজকে প্রশ্রয় দেব না। আমার দলের লোক হলেও তাকে হাজতে ঢোকান।’
অবৈধ ভূমি দখলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে চাঁদ বলেন, ‘ছয় মাসের মধ্যে পরিবর্তন চাই। প্রশাসনের ওপর নির্ভর করে রাজনীতি করা যাবে না।’ নেতা-কর্মীদের সতর্ক করে বিএনপির এ নেতা বলেন, থানায় গিয়ে কোনো দালালি করা যাবে না। যে অবৈধ কাজ করবে, সে জেলখানায় যাবে—সে যে-ই হোক।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশাদুজ্জামান আসাদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার, বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক প্রমুখ।
উল্লেখ্য, রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন শাহরিয়ার আলম। ৫ আগস্ট সরকার পতনের পর তিনি আত্মগোপনে চলে যান।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
২০ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে