Ajker Patrika

পতাকা নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নারীর মৃত্যু

বালিয়াকান্দি, রাজবাড়ী
আপডেট : ১৫ মে ২০২৬, ১৮: ৫৭
পতাকা নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নারীর মৃত্যু
প্রতীকী ছবি

রাজবাড়ীতে অফিসের জাতীয় পতাকা নামানোর সময় বিদ্যুতায়িত হয়ে মনিরা খাতুন (৩০) নামের এক নারী অফিস সহায়কের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোরে পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আসিফুর রহমান।

নিহত মনিরা খাতুন রাজবাড়ী সদর উপজেলার কোলারহাট এলাকার আব্দুর রাজ্জাকের মেয়ে। তিনি প্রায় পাঁচ বছর ধরে জেলা নিরাপদ খাদ্য কার্যালয়ে অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, গত রোববার বিকেলে অফিস ছুটির আগে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ ভবানীপুর পশু হাসপাতাল-সংলগ্ন নিরাপদ খাদ্য কার্যালয়ে জাতীয় পতাকা নামাচ্ছিলেন মনিরা। এ সময় পতাকার ইস্পাতের পাইপ অসাবধানতাবশত পাশ দিয়ে যাওয়া উচ্চমাত্রার বিদ্যুতের তারে লাগলে তিনি বিদ্যুতায়িত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যুতায়িত হওয়ার সঙ্গে সঙ্গে মনিরার শরীরে আগুন ধরে যায়। ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে কেউ উপস্থিত না থাকায় তাঁকে উদ্ধার করতে কিছুটা সময় লেগে যায়। পরে স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে তাঁকে উদ্ধার করে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে নেন। সেখানে অবস্থার অবনতি হলে একই দিন তাঁকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। পাঁচ দিন সেখানে চিকিৎসাধীন থাকার পর আজ ভোরে তিনি মারা যান।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আসিফুর রহমান বলেন, মনিরা খাতুন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। ভোরে নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থায় তিনি মারা যান। মরদেহ রাজবাড়ীতে আনার প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত