
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি-সমর্থিত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, নির্বাচনে অংশ নেওয়া জাতীয় পর্যায়ের নেতারা নিরাপত্তাসংকটে রয়েছেন। তাঁদের প্রতি নিরাপত্তা হুমকি রয়েছে।
আজ বুধবার (২১ জানুয়ারি) পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচনী প্রতীক বরাদ্দ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, অনেক নেতাকে সরকারিভাবে গানম্যান দেওয়া হয়েছে। তবে নির্বাচনের সময় স্থানীয় প্রশাসনের দায়িত্ব হবে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা। এ সময় বৈধ ও অবৈধ সব ধরনের অস্ত্র উদ্ধার করা প্রয়োজন। শুধু যাঁরা প্রকৃত অর্থে ঝুঁকিতে আছেন, তাঁদের ক্ষেত্রে সীমিতভাবে বৈধ অস্ত্র রাখার বিষয়টি বিবেচনায় নেওয়া যেতে পারে।
নির্বাচন প্রসঙ্গে নুর বলেন, এটি দেশের মানুষের কাছে অত্যন্ত প্রত্যাশিত একটি নির্বাচন। অতীতের নির্বাচনগুলোতে জনগণ ভোট দেওয়ার সুযোগ পায়নি। ভোট ছাড়াই অনেকে জনপ্রতিনিধি হয়েছেন, যার ফলে দেশ গভীর সংকটে পড়েছিল। পরিবর্তিত বাংলাদেশে দলমত-নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান তিনি।
আসন্ন জাতীয় নির্বাচনকে ঐতিহাসিক উল্লেখ করে নুর বলেন, এই নির্বাচনে প্রার্থীরা শুধু সংসদ সদস্য হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন না। নাগরিকদের মর্যাদা, অধিকার ও আইনের সুরক্ষা নিশ্চিত করাই এই নির্বাচনের মূল লক্ষ্য। রাষ্ট্রে যেন স্বাধীন বিচার বিভাগ ও স্বাধীন গণমাধ্যম থাকে—সে লক্ষ্যেই এই নির্বাচন।
নিজের অনুভূতি প্রকাশ করে এ প্রার্থী বলেন, এই নির্বাচনে অংশ নিতে পারা আল্লাহর বিশেষ নিয়ামত। এ সময় তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। পাশাপাশি জুলাইয়ের গণ-অভ্যুত্থানে নিহত ও আহত ব্যক্তিদের স্মরণ করেন।
নির্বাচিত হলে ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে নুর বলেন, পটুয়াখালী-৩ আসনটি একটি পিছিয়ে পড়া এলাকা। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে ভবন ও খেলার মাঠের সংকট রয়েছে। তরুণদের মেধা বিকাশের সুযোগ সৃষ্টি করা হবে। কৃষিপ্রধান এই অঞ্চলের কৃষকেরা যেন সহজে সার ও কীটনাশক পান, সে ব্যবস্থাও নিশ্চিত করা হবে।
রাজনৈতিক সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে নুরুল হক নুর বলেন, দীর্ঘদিন ধরে এই এলাকায় রাজনৈতিক সংঘাত ও সহিংসতা চলে আসছে। লাশের রাজনীতি থেকে বেরিয়ে আসতে তরুণ প্রজন্মকেই নেতৃত্ব দিতে হবে।
এ সময় তাঁর সঙ্গে স্থানীয় বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের দলীয় প্রতীক ‘ট্রাক’ নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন নুরুল হক নুর। আজ সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় তাঁর প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৯ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৪৩ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে