
নোয়াখালীর হাতিয়ায় বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের ইঞ্জিনে ত্রুটির কারণে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে। গত কয়েক দিন ধরে লোডশেডিং বেড়েছে অনেক গুণ। সন্ধ্যা থেকে রাত অবধি এমনকি গভীর রাতেও বিদ্যুৎ থাকছে না। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা। এতে ক্ষুব্ধ গ্রাহকেরা দুষছেন বিদ্যুৎ উন্নয়ন বিভাগকে। কিন্তু পুরো উৎপাদন প্রক্রিয়া তদারকি করছে দেশ এনার্জি নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান।
গত বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত হাতিয়া উপজেলার অধিকাংশ এলাকায় বিদ্যুৎ ছিল না। মাঝে মাঝে এলেও ১০–১৫ মিনিটের মধ্যেই চলে যাচ্ছে। এটি হাতিয়া উপজেলা সদর ওচখালীর চিত্র। আবহাওয়া অনুকূলে থাকা সত্ত্বেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় স্থানীয় বাসিন্দারা হাতিয়া বিদ্যুৎ অফিসে গিয়ে বিষয়টি জানতে চান। সেখানেও দেখা যায়, নির্বাহী প্রকৌশলীর কার্যালয়টিও অন্ধকারে ডুবে আছে। খোঁজ নিয়ে দেখা যায়, ইঞ্জিনের ত্রুটির কারণে মূল লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় পুরো উপজেলায় অন্ধকার নেমে এসেছে।
সরকার ৬৬৮ কোটি টাকা ব্যয়ে ‘হাতিয়া, নিঝুম দ্বীপ ও কুতুবদিয়া দ্বীপ শতভাগ নির্ভরযোগ্য ও টেকসই বিদ্যুতায়ন প্রকল্প’ গ্রহণ করে। এর আওতায় উপজেলা সদর থেকে পাঁচ কিলোমিটার দক্ষিণে হরেন্দ্র মার্কেট এলাকায় নির্মাণ করা হয় ১৫ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। ২০২১ সালে শুরু হওয়া এই প্রকল্প থেকে ২০২৩ সালের ডিসেম্বর থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। তবে এক বছরের মাথায় ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ায় শুরু হয়েছে ভোগান্তি।
উৎপাদন ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে বেসরকারি প্রতিষ্ঠান ‘দেশ এনার্জি’। সরকার এখানে শুধু সরবরাহ অবকাঠামো নির্মাণ করেছে। ফলে লোডশেডিং বা উৎপাদন বিঘ্নে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) কার্যত ‘জিম্মি’।
হাতিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. ইব্রাহীম (৫০) বলেন, ‘নতুন বিদ্যুৎকেন্দ্রটি নিয়ে সবাই আশাবাদী ছিল। কিন্তু এখন লোডশেডিং এমন পর্যায়ে গেছে যে, ছেলেমেয়েরা পরীক্ষার আগে ঠিকমতো পড়াশোনা করতে পারছে না। ভোগান্তির শেষ নেই।’
তিনি আরও বলেন, ‘আগে অনেকে ভাবত, বিদ্যুৎ বিভাগ ইচ্ছা করে বিদ্যুৎ বন্ধ রাখে। কিন্তু এখন তো দেখছি পুরোটা দেশ এনার্জির হাতে। তারা যেমন খুশি তেমনি চালায়।’
হাতিয়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান বলেন, ‘গ্রাহকেরা এখনো আমাদের ওপর দোষ চাপান, অথচ উৎপাদন পুরোপুরি বেসরকারি কোম্পানির হাতে। আমরা চাইলে চালাতেও পারি না, বন্ধ করতেও পারি না।’

তিনি আরও বলেন, ‘দেশ এনার্জির সঙ্গে ৫ হাজার কিলোওয়াট সরবরাহ চুক্তি হলেও তখন গ্রাহকের চাহিদা ছিল ১ হাজার থেকে ১ হাজার ৫০০ কিলোওয়াট। এখন সেই চাহিদা ৫ হাজার কিলোওয়াট ছাড়িয়ে গেছে। ওরা অতিরিক্ত লোডের অজুহাতে ইঞ্জিন বন্ধ রাখে। এতে আমরাও বিব্রত, অপমানিত হচ্ছি।’
দেশ এনার্জি কোম্পানির হাতিয়া বিদ্যুৎকেন্দ্রের ইনচার্জ মাহফুজ রহমান বলেন, ‘গত কয়েক দিন জ্বালানি তেলের সংকট ছিল। এখন সরবরাহ এসেছে। তবে একটি ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। দু-এক দিনের মধ্যেই সেটি ঠিক হয়ে যাবে।’
তিনি দাবি করেন, ‘লোডশেডিং শুধু আমাদের কারণে হচ্ছে না। তবে চেষ্টা করছি সমস্যা দ্রুত সমাধানের।’

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৫ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২৮ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে