
নোয়াখালীর হাতিয়ায় সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবদুল হান্নান মাসউদের জন্য ফেরি দুই ঘণ্টা আটকে রাখার অভিযোগ উঠেছে। এতে ঈদের ছুটি শেষে কর্মস্থলমুখী যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
গতকাল রোববার রাতে হাতিয়ার নলচিরা ঘাটে নোঙর (বন্ধ) করা অবস্থায় ফেরি মহানন্দাতে এ ঘটনা ঘটে। এ সময় যাত্রীদের সঙ্গে নোয়াখালী-৬ আসনের এমপি হান্নান মাসউদের বাগ্বিতণ্ডাও হয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, ফেরি মহানন্দা গতকাল বিকেল ৫টা ৪৫ মিনিটে নলচিরা ঘাটে পৌঁছায়। পরে ফেরি লোড-আনলোড ও গাড়ি ওঠানামা করতে সোয়া এক ঘণ্টা সময় লাগে। সে হিসাবে সন্ধ্যা ৭টার কিছুক্ষণ আগে বা পরে ফেরি চেয়ারম্যান ঘাটের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু ফেরি ছাড়ে রাত ৯টার দিকে। বিকেল থেকে মোটরসাইকেলসহ অন্য গাড়িগুলোর জন্য কাউন্টারে বুকিং নিলেও ফেরি আনলোড হওয়ার পর গাড়ি তুলতে দেওয়া হয়নি। নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও কেন ফেরি ছাড়া হচ্ছে না—জানতে চাইলে ফেরির লোকজন যাত্রীদের জানান, এমপি সাহেব আসবেন, তারপর ছাড়া হবে। যাত্রীরা জানান, সঠিক সময়ে চেয়ারম্যান ঘাট, সোনাপুর ও জেলা শহর মাইজদী গিয়ে বাসে না উঠতে পারলে রাতের মধ্যে গন্তব্যে পৌঁছানো সম্ভব হবে না। সারা রাত বাস কাউন্টারে বসে থাকতে হবে। আবার সোমবার সকালে অফিসে যাওয়াও যাবে না।
জানতে চাইলে ফেরি মহানন্দার মাস্টার মোজাম্মেল হক দুই ঘণ্টা দেরি করে ফেরি ছাড়ার অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘বিকেল ৫টা ৪০ মিনিটে আমাদের ফেরি নলচিরা ঘাটে পৌঁছায়। আনলোড ও লোডে গড়ে ৪০ মিনিট করে সময়ের দরকার হয়। কর্তৃপক্ষ থেকে আমাদের জানানো হয়, এমপি সাহেব আসবেন, ফেরি ছাড়তে একটু দেরি হবে। তাই আমরা প্রথমে গাড়িগুলো উঠাতে দিইনি। এ নিয়ে যাত্রীরা উত্তেজিত হয়ে ওঠেন। পরে রাত ৮টার পর আমরা চেয়ারম্যান ঘাটের উদ্দেশে ছেড়ে আসি। স্বাভাবিক সময়ের তুলনায় ৪৫ মিনিট বা এক ঘণ্টা দেরি হয়েছে।’
এ বিষয়ে জানতে এমপি হান্নান মাসউদের ব্যবহৃত মোবাইল নম্বরে কল দিলেও কোনো সাড়া মেলেনি। তবে এ ব্যাপারে তাঁর অনুসারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট করেন। তাতে দাবি করা হয়, অনিয়মের অভিযোগের ব্যাপারে তদারকি করতে এমপি হান্নান মাসউদ ফেরিঘাট পরিদর্শনে গিয়েছিলেন। একটি পক্ষ বিষয়টি ভিন্নভাবে উপস্থাপন করছে।
এদিকে ফেরিঘাটে যানজট ও জনদুর্ভোগ নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতি দেন হান্নান মাসউদ।
বিবৃতিতে বলা হয়, ঈদের ছুটি শেষে আজ ঢাকায় যাওয়ার উদ্দেশে নির্দিষ্ট সময়ে হাতিয়া ফেরিঘাটে পৌঁছান সংসদ সদস্য হান্নান মাসউদ। তবে সেখানে পৌঁছানোর পর তাঁকে দীর্ঘ ৪৫ মিনিট অপেক্ষা করতে হয়। অভিযোগ উঠেছে, একটি স্বার্থান্বেষী রাজনৈতিক মহল ও অসাধু সিন্ডিকেট সংসদ সদস্যকে রাজনৈতিকভাবে হেয় এবং ব্যর্থ প্রমাণ করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই পরিস্থিতির সৃষ্টি করেছে। এমপি ঘাটে পৌঁছানোর আগেই ওই চক্র মোটরসাইকেল, ট্রাক, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন ফেরিতে না তুলে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় দাঁড় করিয়ে রাখে। এর ফলে ঘাটসংলগ্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়। পরে ফেরিতে উঠে সংসদ সদস্য হান্নান মাসউদ সাফ জানিয়ে দেন, সাধারণ যাত্রী কিংবা ভিআইপি—কারও জন্যই ফেরি নিয়মের বাইরে অপেক্ষা করবে না। নির্ধারিত সময়েই ফেরি চলাচল করবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ফেরিঘাটকে কেন্দ্র করে যারা কালো সিন্ডিকেট গড়ে তুলেছে এবং সাধারণ যাত্রীদের হয়রানি করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে তিনি এই অসাধু চক্রের সব অপতৎপরতার বিরুদ্ধে সাধারণ জনগণকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান। উল্লেখ্য, হাতিয়াবাসীর দীর্ঘদিনের আন্দোলন ও সংগ্রামের ফসল হিসেবে এই ফেরিসেবা চালু হলেও একটি চক্র শুরু থেকেই ফেরি ব্যবস্থাপনাকে বিতর্কিত করার অপচেষ্টা চালিয়ে আসছে বলে বিবৃতিতে দাবি করা হয়।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে