
নেত্রকোনার মোহনগঞ্জে বকেয়া বিদ্যুৎ বিল আদায় করতে গিয়ে পল্লী বিদ্যুতের কর্মীদের ওপর হামলা ও মারধর এবং আদায় করা নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মাহমুদপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল রাতেই মোহনগঞ্জ থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল জুন মাসের ক্লোজিং উপলক্ষে মোহনগঞ্জ জোনাল অফিসের এজিএম (ওঅ্যান্ডএম) মুহাম্মদ রফিকুল ইসলামের নেতৃত্বে ১২ থেকে ১৫ সদস্যের একটি দল তেঁতুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে অভিযান চালায়। বিল আদায় শেষে সন্ধ্যা ৭টার দিকে অফিসে ফেরার পথে মাহমুদপুর গ্রামের গ্রাহক নজরুল ইসলামের দোকানে গিয়ে বকেয়া বিল পরিশোধের জন্য বলা হয়। সংশ্লিষ্ট গ্রাহকের আট মাসের ৬ হাজার ৩১৬ টাকা বকেয়া থাকায় এবং তা পরিশোধে অপারগতা প্রকাশ করায় বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযোগে বলা হয়, সংযোগ বিচ্ছিন্ন করার পর স্থানীয় সুজাত, রিপন মিয়া, রুবেল, জাহাঙ্গীর, মোল্লা মিয়াসহ ২৫ থেকে ৩০ জন লোক একত্র হয়ে বিল আদায় করা দলের সদস্যদের ওপর হামলা চালান। এ সময় দলের সদস্য ও মিটার রিডার-কাম-ম্যাসেঞ্জার বায়েজিদ ঘটনাটির ভিডিও ধারণ করলে তাঁকে মারধর করে আহত করা হয়।
হামলাকারীরা বায়েজিদের ব্যবহৃত মোবাইল ফোন কেড়ে নিয়ে ভিডিও মুছে ফেলে বলে অভিযোগ করা হয়েছে। পরে মোবাইল ফোন ফেরত দেওয়া হলেও আদায় করা বিদ্যুৎ বিলের আনুমানিক ১ লাখ ৪৭ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়। আহত বায়েজিদকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।
পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের দাবি, এ ঘটনায় সরকারি রাজস্ব আদায়ে বাধা সৃষ্টি, দায়িত্ব পালনরত কর্মচারীর ওপর হামলা এবং নগদ অর্থ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, যা বিদ্যুৎ আইন, ১৯১০ (সংশোধিত-২০১৮) অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এ ঘটনায় মোহনগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. ইমদাদুল হক বাদী হয়ে গতকাল রাতে মোহনগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন।
তবে অভিযোগে নাম আসা ব্যক্তিদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন আজ বৃহস্পতিবার দুপুরে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে