
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার একটি ছোট গ্রাম মাকরাইল। একসময় এই গ্রামের নারীদের জীবন ছিল পুরোটাই গৃহকেন্দ্রিক। স্বামীর সামান্য উপার্জনেই সংসার চালাতে হতো তাদের। কিন্তু এখন দৃশ্যপট বদলে গেছে। কেঁচো সার তৈরির মাধ্যমে এখন তারা নিজেরাই হয়ে উঠেছেন স্বাবলম্বী, সংসারে এনেছেন আর্থিক সচ্ছলতা।
শুরুটা ছিল ২০১৬ সালের দিকে। স্থানীয় একটি এনজিওর পরামর্শে গ্রামের গৃহবধূ সুজনা খাতুন গোবর দিয়ে কেঁচো সার তৈরির কাজ শুরু করেন। তখন অল্প পরিসরে তিনি এ কাজ শুরু করেন। তবে খুব শিগগিরই তিনি বুঝতে পারেন, এই সারের চাহিদা রয়েছে ব্যাপক। তাই উৎপাদন বাড়াতে থাকেন তিনি। এখন নিজের উপার্জনেই তার সংসারের সব খরচই তিনি নির্বাহ করতে পারেন।
সুজনা বলেন, ‘গোবর ফেলে না দিয়ে তা দিয়ে প্রথমে আমি কাজ শুরু করি। এরপর আমাকে দেখে অনেকেই উৎসাহী হয়। একে একে এখন গ্রামের ৫০ জন নারী এই কাজ করছেন। আমার এই আয় থেকে ছেলেমেয়েদের পড়াশোনার খরচ চালাচ্ছি, সংসারে দিচ্ছি এমনকি স্বামীকেও সহযোগিতা করতে পারছি। আমি সফলতা পেয়েছি।’
সুজনার পথ অনুসরণ করে আরেক নারী মজিদা খাতুন নিজের বাড়িতেই গড়ে তুলেছেন কেঁচো সার উৎপাদনের একটি ইউনিট। তিনি জানান, সংসারের কাজ সামলে সময় বের করে তিনি চালিয়ে যাচ্ছেন এই উদ্যোগ, দেখছেন সফলতার মুখ। স্বামীর পাশাপাশি সংসারে এখন তিনিও আর্থিক সহযোগিতা করতে পারছেন।
মধ্যবয়সী নারী সুফিয়া খাতুন কেঁচো সার বিক্রি করে সেই টাকায় কিনেছেন দুটো গরু। গরু থেকে পাচ্ছেন গোবর, যা আবার কাজে লাগছে সার তৈরিতে। সম্প্রতি তিনি ৪০ মণ কেঁচো সার বিক্রি করেছেন। তিনি বলেন, ‘এই কেঁচো সার করে আমরা সবাই ভালো আছি এখন। যত দিন বেঁচে আছি, এটাই করে যাব।’
এই নারীদের অগ্রযাত্রায় গর্বিত এলাকাবাসী। তাঁরা বলছেন, এখন স্বামীরা বাইরে উপার্জন করছেন, স্ত্রীরাও ঘরে বসেই অর্থ উপার্জন করছেন। তাতে বদলে গেছে সংসারের ভাগ্য।
এদিকে গ্রামের নারীদের উদ্যোক্তা হওয়ার এই খবর পৌঁছেছে কৃষি বিভাগেও। উদ্যোক্তা নারীদের উন্নয়নে গত দুই বছর ধরে সরকারি নানা সহযোগিতা করছে তারা।
মাঠ পর্যায়ের দায়িত্বে থাকা উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল মজিদ জানান, প্রতি কেজি কেঁচো সার বিক্রি হয় ১০ টাকা দরে। আর একজন নারী গড়ে মাসে ১ হাজার কেজি সার উৎপাদন করছেন, যার বাজারমূল্য প্রায় ১০ হাজার টাকা। স্থানীয় কৃষকেরা যেমন আগ্রহ নিয়ে এই সার কিনছেন, তেমনি কৃষি অফিস থেকেও তা কেনা হয়।
এ নিয়ে উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) মো. রায়হানুল হক বলেন, প্রাকৃতিক সার হিসেবে কেঁচো সার শুধু মাটির উর্বরতাই বাড়ায় না, বাড়ায় ফসলের ফলনও। মাকরাইল গ্রামের এই অংশ এখন পরিচিত পাচ্ছে কেঁচো সারের গ্রাম নামে। যা কৃষি অফিসের একটি মাইলফলক। আমরা তাদের পাশে আছি, সব সময়ই। এই সাফল্যের গল্প শুধু জীবিকা নয়, এটা নারীর ক্ষমতায়নেরও গল্প। গ্রামের নারীরা এখন কেবল গৃহিণী নন, বরং হয়েছেন একজন প্রকৃত উদ্যোক্তা। সংসার চালনার পাশাপাশি জীবিকার চাবিকাঠিও এখন তাদের হাতেই।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে