Ajker Patrika

হামের উপসর্গ নিয়ে নাটোরের সাড়ে তিন মাসের শিশুর মৃত্যু

নাটোর প্রতিনিধি 
হামের উপসর্গ নিয়ে নাটোরের সাড়ে তিন মাসের শিশুর মৃত্যু
হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশু সাইফাতুল কাশফির বাড়িতে শোকাহত স্বজনেরা। আজ মঙ্গলবার দুপুরে নাটোর সদর উপজেলার বড় হরিশপুর ইউনিয়নের ঋষি নওগাঁ এলাকায়। ছবি: আজকের পত্রিকা

হামের উপসর্গ নিয়ে নাটোরের সাড়ে তিন মাস বয়সী একটি শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তার নাম সাইফাতুল কাশফি। আজ মঙ্গলবার (৩১ মার্চ) বেলা ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে শিশুটির মৃত্যু হয়। শিশু কাশফি নাটোর সদর উপজেলার বড় হরিশপুর ইউনিয়নের ঋষি নওগাঁ এলাকার সাইফুল ইসলামের মেয়ে।

নাটোরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন মোহাম্মদ কামাল উদ্দিন ভূঁইয়া বলেন, মৃত শিশুটির হাম ছিল কি না, তা এখনো নিশ্চিত নয়। পরীক্ষার জন্য নমুনা ঢাকায় ল্যাবে পাঠানো হয়েছে, রিপোর্ট হাতে পেলে নিশ্চিতভাবে বলা যাবে।

জানা গেছে, গত শুক্রবার (২৭ মার্চ) সকালে ঠান্ডা ও জ্বর নিয়ে কাশফিকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন শনিবার স্বজনেরা শিশুটির গলার ভেতর হামের মতো গুঁটি দেখেন। গত রোববার তার পুরো শরীরে র‍্যাশ ওঠে। অবস্থার অবনতি হলে গতকাল সোমবার রাতে তাকে রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে সে মারা যায়।

শিশুটির বাবা সাইফুল ইসলাম জানান, কাশফি অসুস্থ হওয়ার পর থেকে সে কান্নাকাটি করলেও গতকাল বিকেল থেকে সাড়া দেওয়া বন্ধ করে দেয়। পরে রামেক হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে সে মারা যায়।

নাটোর সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি মাসে হামের উপসর্গ নিয়ে ৩৮ জন রোগী হাসপাতালটিতে ভর্তি হয়েছে। তাদের নমুনা পরীক্ষার পর ১৩টি শিশুর শরীরে হাম শনাক্ত হয়। এর মধ্যে ৯টি শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। বর্তমানে সদর হাসপাতালে তিনটি শিশু চিকিৎসাধীন রয়েছে। এ ছাড়া কাশফিকে এ হাসপাতাল থেকে রাজশাহীতে পাঠানো হয়েছিল।

আজ দুপুরে নাটোর সদর হাসপাতালের শিশু ওয়ার্ড ঘুরে দেখা যায়, ৪১৫ নম্বর কক্ষে হামে আক্রান্ত শিশুদের আলাদা করে (আইসোলেশনে) চিকিৎসা দেওয়া হচ্ছে। সেখানে চিকিৎসাধীন সব শিশুর বয়সই ৯ মাসের কম। ফলে তারা এখনো হামের টিকা পায়নি।

নাটোরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন মোহাম্মদ কামাল উদ্দিন ভূঁইয়া বলেন, যাদের হাম হচ্ছে, তাদের বেশির ভাগেরই বয়স ৯ মাসের কম—যারা এখনো টিকা পায়নি। তাই এই বয়সী শিশুদের ক্ষেত্রে অভিভাবকদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। বর্তমানে নাটোর সদর হাসপাতালে তিনটি শিশু চিকিৎসাধীন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইরানে ২০০০ পাউন্ডের ‘বাংকার বাস্টার’ বোমা মেরেছে যুক্তরাষ্ট্র

সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ পাস করার দাবি বিচারকদের

আরও ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

হরমুজ উন্মুক্ত না করেই যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প, কেন এই পিছু হটা

ইরানের স্কুলে এবার পরীক্ষামূলক নতুন ক্ষেপণাস্ত্র মারল যুক্তরাষ্ট্র, নিহত অন্তত ২১

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত