
নাটোরের গুরুদাসপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও মাদক নির্মূলে বিশেষ সভার এক দিন পরই ধারাবাহিক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ বুধবার ভোরে পৌর শহরের শহীদ শামসুজ্জোহা সরকারি কলেজের সামনে অল্প সময়ের ব্যবধানে তিনটি ছিনতাইয়ের ঘটনা ঘটে।
এতে সাধারণ মানুষের মনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। ঘটনাগুলোর পর পুলিশি তৎপরতা বাড়ানো হলেও এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।
থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথম ঘটনায় পৌরসভার চাঁচকৈড় তালুকদারপাড়া মহল্লার রসুন ব্যবসায়ী আনছু প্রামাণিক ও জাহের শাহ ছিনতাইয়ের শিকার হন। আজ ভোরে তাঁরা ব্যাটারিচালিত অটোরিকশায় উপজেলার ধারাবারিষা ইউনিয়নের নয়াবাজারে রসুন কিনতে যাচ্ছিলেন। পথে কলেজের সামনে পৌঁছালে মুখে গামছা বাঁধা চারজন তাঁদের পথ রোধ করে। একপর্যায়ে ধারালো অস্ত্রের মুখে তাঁদের কাছ থেকে প্রায় দুই লাখ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।
দ্বিতীয় ঘটনায় চাঁচকৈড় মধ্যমপাড়া মসজিদের ইমাম মোবিদুল ইসলাম ভোরে মসজিদে যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার হন। তাঁর কাছ থেকে প্রায় দুই হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।
অন্যদিকে, রোকেয়া মোড় এলাকায় হাঁটতে বের হওয়া এক নারীর গলায় থাকা চেইন ছিনতাই করা হয়। নিরাপত্তার আশঙ্কায় ভুক্তভোগীরা থানায় অভিযোগ করতে সাহস পাচ্ছেন না বলে জানিয়েছেন।
এলাকাবাসী বলছেন, সম্প্রতি উপজেলাজুড়ে চুরি ও ডাকাতির ঘটনাও বেড়েছে। এর মধ্যে আনন্দনগর এলাকায় এক কৃষকের ছয়টি গরু চুরি, কামারপাড়ায় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, শিক্ষকদের হুমকি, পুলিশের এক এসআইয়ের ওপর ছিনতাইসহ একাধিক ঘটনা ঘটেছে। এমনকি উপজেলা প্রশাসনের সরকারি কোয়ার্টারেও ডাকাতির ঘটনা ঘটেছে।
এসব ঘটনায় মামলা ও সাধারণ ডায়েরি হলেও এখনো অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার বা লুট হওয়া মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ।
এর আগে, গতকাল মঙ্গলবার (৫ মে) স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজের উপস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, মাদক কারবারিদের কারণেই অপরাধ বাড়ছে। পুলিশ বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। দ্রুত জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১০ ঘণ্টা আগে