
ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে ইভিএমে জটিলতায় অনেকে ভোট দিতে না পেরে ফিরে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঘোড়া প্রতীকের প্রার্থী এহতেসামুল আলম। আজ শনিবার সকালে তিনি এমন অভিযোগ করেন।
এহতেসামুল আলম বলেন, ইভিএম জটিলতা হবে সে বিষয়ে নির্বাচন কমিশনকে অবহিত করলে তারা খুব একটা পদক্ষেপ নেয়নি। তারা যদি ভোটারদের অন্তত কিছুটা হলেও দক্ষ করে তুলত, তাহলে আজকে এই সমস্যা হতো না।
এই মেয়র পদপ্রার্থী আরও বলেন, ‘নির্বাচনে টাকার খেলা হচ্ছে, ভোটারদের নানাভাবে প্রভাবিত করা হচ্ছে। আমি চাই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হোক। ভোটে যদি খুব একটা প্রভাব না পড়ে, তাহলে ঘোড়া প্রতীকের জয় সুনিশ্চিত। মানুষ পরিবর্তন চায়।’
ভোটারেরা অভিযোগ করে বলেন, ইভিএমে ভোট দেওয়ার সময় ফিঙ্গার মিলছে না। ফলে ভোট দেওয়া যাচ্ছে না।
সকাল ৮টা থেকে ইভিএমে ভোট গ্রহণ শুরু হয় ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনের। সকাল সোয়া ৯টার দিকে প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুল নারী ভোট কেন্দ্রে গিয়ে দেখা যায় অনেকেই ভোট দিতে না পেরে ফিরে যাচ্ছেন। কালীবাড়ি এলাকার ৪৯ বছর বয়সী ভোটার রানী ঘোষ। ভোট দিতে না পেরে ফিরে যাওয়ার সময় তাঁর সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘সকাল সাড়ে ৭টার সময় ভোট দিতে আইছি। দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে সবকিছু ঠিক থাকা সত্ত্বেও আমার ভোটটা দিতাম পারলাম না। কেন্দ্রের লোকজন বলছে, একটু পরে আবার আসতে।’
একইভাবে একই কেন্দ্র থেকে ভোট দিতে না পেরে ফিরে যান ৬৮ বছরের ভারতী ভাসফোর। তিনি বলেন, ফিঙ্গার মিলে নাই। ভোটটা দিতাম পারলাম না। পরে আইতে কইছে। পরে আর আইয়া কী অইব।
প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুল কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, ইভিএম মেশিন ঠিক আছে। অনেকের আঙুলে ময়লা, কাজ করার কারণে হাতের রেখায় পরিবর্তন হয়। এসব কারণে এ রকম হচ্ছে। তবে তাঁদের বলা হচ্ছে হাত পরিষ্কার করে আসার জন্য। তাঁদের ভোট গ্রহণের জন্যও আমরা চেষ্টা করতেছি। তিনি বলেন, এই কেন্দ্রে ৩ হাজার ২২০ জন ভোটার রয়েছেন।
ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের আঞ্চলিক কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী বলেন, সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। নির্বাচনে পাঁচ মেয়র, ১৪৯ সাধারণ কাউন্সিলর এবং ৬৯ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে লড়ছেন।
নগরীর ৩৩টি ওয়ার্ডের ১২৮টি ভোটকেন্দ্রের ৯৯০টি বুথে দেড় হাজার ইভিএমে ভোটগ্রহণ চলছে।
প্রতিটি ভোটকেন্দ্রে চারজন পুলিশ ও ১২ জন আনসার সদস্য দায়িত্ব পালনের পাশাপাশি গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে পাঁচজন পুলিশ ও ১২ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।
স্ট্রাইকিং ফোর্সের পাশাপাশি সাত প্লাটুন বিজিবি, ১১ প্লাটুন পুলিশ, আর্মড পুলিশ এবং আনসার সদস্য, ১৭ টিম র্যাব ছাড়াও ৩৩ জন নির্বাহী হাকিম (ম্যাজিস্ট্রেট) এবং ১১ জন বিচারিক হাকিম (জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট) দায়িত্ব পালন করছেন।
ভোটে ৩৩টি ওয়ার্ডের ৩ লাখ ৩৬ হাজার ৪৯৬ জন ভোটার ১২৮টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট দিচ্ছেন। এর মধ্যে ১ লাখ ৬৩ হাজার ৮৭১ জন পুরুষ এবং ১ লাখ ৭২ হাজার ৬১০ জন নারী এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৯ জন।
টেবিল ঘড়ি প্রতীকের টিটুর সঙ্গে মেয়র পদের ভোটের লড়াইয়ে আছেন—জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেসামুল আলম (ঘোড়া প্রতীক) এবং শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট সাদেকুল হক খান মিল্কী টজু (হাতি প্রতীক)। এ ছাড়া কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সদস্য কৃষিবিদ ড. রেজাউল হক এবং জেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম স্বপন মণ্ডল মেয়র পদে লড়ছেন।
২০১৮ সালের ১৪ অক্টোবর ময়মনসিংহ পৌরসভাকে সিটি করপোরেশন ঘোষণার গেজেট হয়। পরের বছর ৫ মে ভোট গ্রহণের দিন নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। যদিও সিটির প্রথম ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হন টিটু। ওই ভোটে কেবল কাউন্সিলর পদগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

নেত্রকোনার বারহাট্টায় ধর্ষণের শিকার এক প্রতিবন্ধী কিশোরী (১৪) সন্তান প্রসব করেছে। এ ঘটনায় করা মামলায় অভিযুক্ত মো. গোলাম কিবরিয়াকে (২৮) কারাগারে পাঠিয়েছেন আদালত।সোমবার (২ মার্চ) দুপুরে নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিন আবেদন করেন কিবরিয়া।
১ সেকেন্ড আগে
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে আউটসোর্সিং কর্মচারী নিয়োগের ভাইভা পরীক্ষা নিয়ে তুলকালাম কাণ্ড ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ডাকতে বাধ্য হয় কর্তৃপক্ষ। তবে টেন্ডারে অংশ নেওয়া এক ঠিকাদারের নিযুক্ত কর্মী ও বহিরাগত ব্যক্তিদের হুমকির মুখে পরীক্ষা না দিয়ে ফিরে গেছেন অনেকে।
৮ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে নিজেকে নিরপেক্ষ দাবি করা ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী মেহেদী সজীব শাখা ইসলামী ছাত্রশিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক নির্বাচিত হয়েছেন।
৩৬ মিনিট আগে
শিশুটির বাড়ি কুমিরাতে। আর যে জায়গা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে, সেখান থেকে তার বাড়ি অন্তত পাঁচ–সাত কিলোমিটার দূরে। সেখান থেকে শিশুটির একা এত দূর আসা সম্ভব নয়...
১ ঘণ্টা আগে