
মেহেরপুরের গাংনীতে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে ককটেলসদৃশ বস্তু, চিরকুট ও সাদা কাপড়ের টুকরা রেখে গেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাতের কোনো এক সময় উপজেলার কাজীপুর ইউনিয়নের হাড়াভাঙ্গা হাজীপাড়া এলাকায় বজলুর রহমানের বাড়ির গেটের সামনে এসব ফেলে রাখা হয়। রোববার সকালে স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে ভবানীপুর পুলিশ ক্যাম্পে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ককটেলসদৃশ বস্তু, চিরকুট ও সাদা কাপড়ের টুকরা উদ্ধার করে। বজলুর রহমান উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের নৈমুদ্দীনের ছেলে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, হাড়াভাঙ্গা হাজীপাড়া এলাকার ইউসুফ আলী ও তাঁর ছেলে রাসেলকে উদ্দেশ করে এসব সামগ্রী রেখে ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে। ইউসুফ আলী বজলুর রহমানের চাচাতো ভাই।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাজীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মহিবুল ইসলাম বলেন, ইউসুফ আলী আগে প্রবাসে ছিলেন। বর্তমানে তিনি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করছেন। রাতের আঁধারে অজ্ঞাত ব্যক্তিরা তাঁর চাচাতো ভাই বজলুর রহমানের বাড়ির গেটে ককটেলসদৃশ বস্তু, চিরকুট ও সাদা কাপড় রেখে যায়। চিরকুটটি ইউসুফ আলী ও তাঁর ছেলেকে উদ্দেশ করে লেখা।
ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুল করিম বলেন, চিরকুটে লেখা ছিল— “ইউসুফ, তুই সাবধান। তুই আর তোর ছোট সন্তান মৃত্যুর জন্য প্রস্তুত থাক। ৫ লাখ টাকা রেডি কর।” তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে ককটেলসদৃশ বস্তু, চিরকুট ও সাদা কাপড় উদ্ধার করে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বলেন, ঘটনাটি ভয়ভীতি ও চাঁদা দাবির উদ্দেশ্যে ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্তে পুলিশ কাজ করছে এবং তাদের আইনের আওতায় আনা হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে