
মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের ঝোড়াঘাট ও দেবীপুরের বিভিন্ন কাঁচা রাস্তা নিজেদের অর্থায়নে সংস্কারের কাজ করছেন গ্রামবাসী। এসব রাস্তায় বর্ষার সময় চলাচলে বেশি ভোগান্তিতে পড়তে হয় মানুষের। ইট-খোয়া ফেলে যাতায়াতের উপযোগী করছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, অনেক বছর ধরে ঝোড়াঘাট ও দেবীপুর গ্রামের বিভিন্ন কাঁচা রাস্তায় কাজ করা হয়নি। এসব রাস্তা দিয়ে শুষ্ক মৌসুমে চলাচল করা গেলেও বর্ষায় ভোগান্তিতে বেশি পড়তে হয়। এ সময় রাস্তায় কাদা থাকে। এতে বাইসাইকেল নিয়েও বের হতে পারেন না গ্রামের মানুষ।
ঝোড়াঘাট গ্রামের জাহাঙ্গীর আলম বলেন, ‘আমাদের গ্রাম দীর্ঘদিন ধরে অবহেলিত। শুকনোর সময় একটু চলাচল করা যায়। কিন্তু বর্ষার সময় এত পরিমাণ কাদা হয়, মানুষের চলাচলের উপযোগী আর থাকে না। এ জন্য নিজেদের অর্থায়নে চলাচলের জন্য কাজ করছি।’ আর এই উদ্যোগ নিয়েছে লিটন মালিথা নামের একজন স্থানীয় বাসিন্দা।
ঝোড়াঘাট গ্রামের আরেক বাসিন্দা বাবুর আলী বলেন, ‘বর্ষা মৌসুমে রাস্তায় কাদা-পানি থাকার কারণে আমাদের ছেলে-মেয়েদের স্কুলে যেতে অনেক কষ্ট হয়। এখন গ্রামবাসী নিজেরাই অর্থ দিয়ে রাস্তার কাজ করছি। এ জন্য যে উদ্যোগ গ্রহণ করেছে তাঁকে ধন্যবাদ।’
উপজেলার দেবীপুর দক্ষিণপাড়ার বাসিন্দা জাহাঙ্গীর আলম বলেন, ‘দেবীপুর দক্ষিণপাড়ার রাস্তা দিয়ে চলাচলে অনেক সমস্যা হয়। বর্ষা মৌসুম এলে কাদায় চলা যায় না। গত বছর ইট-খোয়া ফেলে চলাচলের উপযোগী করা হয়। কিন্তু বর্ষায় আবারও কাদা হয়েছে। তাই স্থানীয়রা উদ্যোগ নিয়ে নিজেরাই টাকা তুলে ইট-খোয়া ফেলে চলাচলের উপযোগী করছি।’
স্থানীয় বাসিন্দা পলাশ আহমেদ বলেন, ‘আমাদের গ্রামের লিটন মালিথা যে কাজটার উদ্যোগ নিয়েছে তা প্রশংসনীয়। রাস্তার কাজগুলো শেষ হলে আর মানুষকে কাদার মধ্যে চলাচল করতে হবে না। তার এই কাজের জন্য তাঁকে সাধুবাদ জানাই।
এ বিষয়ে মো. লিটন মালিথা আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বুদ্ধি হওয়ার বয়স থেকে ঝোড়াঘাট গ্রামের রাস্তায় একটি ইটও কাউকে ফেলতে দেখিনি। গ্রামের মানুষের সার্বিক কষ্টের কথা বিবেচনা করে সংস্কারের উদ্যোগ নিয়েছি। গ্রামের যত অলিগলি আছে সবগুলোর কাজ করব। বর্ষা মৌসুমে ঝোড়াঘাট গ্রামের তিনটি ছোট রাস্তার কেমন দশা হয় তা বলে বোঝানো যাবে না। রাস্তায় এত পরিমাণ কাদা হয় যে মানুষ ঘর থেকে বের হলেই কাদায় পা ফেলতে হয়। এ কাজের জন্য আমাকে অর্থসহ বিভিন্ন সহযোগিতা করে আসছেন গ্রামের লোকজন।’
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) গাংনী উপজেলা প্রকৌশলী ফয়সাল হোসেন বলেন, ঝোড়াঘাট ও দেবীপুরের রাস্তা যদি সরকারিভাবে নথিভুক্ত থাকে, তাহলে গ্রামের লোকজনের আবেদনের ভিত্তিতে সহযোগিতা করা হবে।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
৯ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৪১ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে