
কুষ্টিয়ার ভেড়ামারায় একটি মাজারে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন। এ সময় তাঁর সঙ্গে থাকা থানা-পুলিশকে নীরব থাকতে দেখা গেছে।
রোববার (২০ এপ্রিল) বেলা ১টার দিকে উপজেলার ধরমপুর ইউনিয়নের বিত্তিপাড়া এলাকায় হজরত ঘোড়েশাহ বাবার মাজার শরিফ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
উত্তপ্ত পরিস্থিতির মধ্যে স্থানীয়দের সহযোগিতায় মাজার থেকে বের হয়ে আসেন ওই নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পুলিশ সদস্যরা।
এ ঘটনার পর আজ রোববার রাত ১০টার মধ্যে ভক্ত-অনুসারীদের মাজার প্রাঙ্গণ ত্যাগ করার নির্দেশনা দিয়েছে পরিচালনা কমিটি।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রতিবছর বৈশাখ মাসজুড়ে সপ্তাহে দুদিন সোম ও শুক্রবার হজরত ঘোড়েশাহ বাবার মাজার শরিফে কবর জিয়ারত ও মেলার আয়োজন করে থাকে পরিচালনা কমিটি। এ বছর ১৮ এপ্রিল (শুক্রবার) থেকে শুরু হয়েছে মেলা। মেলায় মাদক বিক্রি, সেবন ও জুয়া খেলা হচ্ছে—এমন অভিযোগ পেয়ে রোববার বেলা ১টার দিকে ভেড়ামারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেনের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মেলায় অভিযানে যান। অভিযান টিমে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ সময় গাঁজাসহ জুয়া খেলার সরঞ্জাম পাওয়া যায়। বিষয়টি নিয়ে নিষেধ করতে গেলে ক্ষিপ্ত হয় ওঠেন উপস্থিত ভক্ত-অনুসারীরা। তাঁরা নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেনকে ধাক্কা দেন। এ সময় লাল গেরুয়া পরা কয়েকজন ঘিরে ধরে কাঠের লাঠিজাতীয় কিছু দিয়ে আঘাত করতে গেলে স্থানীয়রা বাধা দেন। পরে স্থানীয়দের সহযোগিতায় আনোয়ার হোসেনসহ অভিযান টিমের অন্য সদস্যরা মাজার প্রাঙ্গণ থেকে বের হয়ে যান। এ ঘটনার পর সন্ধ্যা ৭টার দিকে মাইকে রাত ১০টার মধ্যে সব ভক্ত-অনুসারীকে মাজার প্রাঙ্গণ ত্যাগ করার নির্দেশনা দেওয়া হয়।
হজরত ঘোড়েশাহ বাবার মাজার শরিফ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আলী আজকের পত্রিকাকে বলেন, শান্তি-শৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভক্ত-আশেকানদের রাত ১০টার ভেতরে মাজার প্রাঙ্গণ ত্যাগ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে রাত ৮টার দিকে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, উপজেলা প্রশাসন থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম বলেন, প্রশাসন কাজ শুরুর আগেই উচ্ছৃঙ্খল ভক্ত-আশেকান আক্রমণাত্মক আচরণ শুরু করেন। বাধার মুখে অভিযান পরিচালনা না করে প্রশাসনের লোকজন ফিরে আসে। এ সময় তাঁদের পিছু পিছু ধাওয়া করে সেখানকার লোকজন।
ঘটনার শিকার সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেন বলেন, ‘মাজারে মাদকবিরোধী অভিযানে গেলে মাজারের লোকজন অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করেন। যে কারণে অভিযান পরিচালনা করতে না পেরে আমরা ফিরে আসতে বাধ্য হয়েছি।’
এ বিষয়ে কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) মো. তৌফিকুর রহমান বলেন, ‘আমিও বিষয়টি শুনেছি। এসি ল্যান্ড যেখানে গিয়েছিলেন। ওই জায়গায় গাঁজা সেবনের অভিযোগ ছিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৩ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২৬ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে