
একমাত্র মেয়েকে নিয়ে কুষ্টিয়া কোর্ট স্টেশনের বারান্দায় ৫৪ বছর ধরে বসবাস করছেন সত্তরোর্ধ্ব বৃদ্ধ খোদেজা বেগম। যুদ্ধের আগে খেজুরের রস খেয়ে স্বামী মারা যাওয়ার পর যুদ্ধ শেষে জীবনযুদ্ধে নেমে পড়েন খোদেজা। মেয়েকে নিয়ে ১৯৭১ সালের শেষের দিকে রাজবাড়ী জেলার পাংশা বাগদুলি গ্রাম ছেড়ে জীবিকার উদ্দেশে চলে আসেন কুষ্টিয়ার কোর্ট স্টেশনে। সেই থেকে শুরু মেয়েকে নিয়ে তার জীবনসংগ্রাম। খেয়ে না খেয়ে এই স্টেশনের বারান্দায় পার করেছেন দিন-রাত।
খোদেজা বেগম মেয়ে বাতাসির বয়স সঠিকভাবে বলতে না পারলেও জানালেন, কুষ্টিয়ায় যখন আসেন, তখন মেয়ে কোলের বাচ্চা। বছরখানেক হবে।
এরপর থেকেই এই স্টেশনের আলো-বাতাসেই বেড়ে উঠেছেন বাতাসি। স্থানীয়রা এখন তাঁকে বাতাসি পাগলি নামেই চেনে। কখনো স্টেশনের পূর্ব দিকে, আবার কখনো পশ্চিম দিকের চায়ের দোকানে গল্প নিয়ে ব্যস্ত থাকেন। দিনে সাত কাপ চা পান করা বাতাসি বেগমের অভ্যাস। কোর্ট স্টেশনে ঝাড়ু দিয়ে আর মা খোদেজা বেগমের ভিক্ষার টাকা দিয়ে চলে তাঁদের দুজনের সংসার।
বয়সের ভারে ঠিকমতো কথা বলতে পারেন না খোদেজা বেগম। তবু অস্পষ্টভাবে বলেন, ‘যুদ্ধের সময় ফ্যান-পানি খাইয়ে দিন কাটায়ছি। যুদ্ধ শেষ হলিই মিয়াডা (মেয়েকে) নিয়ে চলি আসি কুষ্টিয়া কোট স্টেশনে। মিয়া নিয়েই কাজকাম করতাম আর এই স্টেশনে রাত কাটাতাম। জীবনের সাথে যুদ্ধ করে রাতে থাকতে হতো এ স্টেশনে।’ কথা বলতে বলতে গলা ধরে এলে অনেকক্ষণ চুপ থাকেন বৃদ্ধ খোদেজা বেগম।
এরপর প্রতিবেদককে জিজ্ঞাসা করেন, ‘বাবা, মরার আগে ভাতা কার্ড পামুনি? ভাতা কার্ড কারে কয় বাবা? আর আমি তো ভোট দিইনে, ভোটার হতি হয় কেম্বা বাবা?’
এ সময় খোদেজা বেগম আক্ষেপ নিয়ে বলেন, ‘মিয়াডারে নিয়া চিন্তা। আমি নাই মিয়াডারে পাহারা দিয়ে গেলাম। আমার তো মরনের টাইম হয়ছে। বাতাসির আল্লা ছাড়া উপায় নাই। এই স্টেশন আমার এখন মাথা গুঁজার ঠাঁই। ধুলা-ময়লা নিয়া পড়ে থাকি। এইডা যেন না হারায় বাবা।’
বাতাসির সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘আমার একটা ঘরের ব্যবস্থা করলি আমি ঘরে থাকতি পারতাম। সেই ছোটকালে আইছি। আজও ঘর হলো না। আর আমারে ঘর দিবি কিডা! আমি তো ভোটার না। কেম্বা করে ভোটার হব সমবাদিক?’
কোর্ট স্টেশনের সর্দার মুকুল বলেন, ‘আমার বাবা ছিলেন সর্দার। আমিও সর্দারগিরি করছি। আমি সেই ছোটবেলা থেকে মা-মেয়েকে দেখছি।’
স্টেশনে বই-পত্রিকা বিক্রেতা কামাল বলেন, ‘আমিও প্রায় ৩২ বছর ধরে ব্যবসা করছি। এখানেই দেখে গেলাম তাদের। তবে তাদের মা-মেয়ের মাঝে কোনো খারাপ কিছু দেখলাম না। এখানেই কাটিয়ে দিচ্ছে এতগুলো বছর। তাদের দেখার কেউ নেই। সমাজের উচ্চবিত্তরা একটু সহায়তা করলে এরা একটু ভালো থাকতে পারত।’
কুষ্টিয়া কোর্ট স্টেশন মাস্টার ইতি আরা বলেন, ‘বাতাসি খুব ভালো মেয়ে। তার মাও খুব ভালো মানুষ। জোরে কথা বলে না। তাদের আচরণ ভালো। আমরা চাই সমাজের বিত্তবানেরা এগিয়ে আসুক এবং তাদের মতো মানুষকে সহযোগিতা করুক।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে