
বেনাপোল বন্দরে একটি ট্রাকে তল্লাশি করে আড়াই কোটি টাকার ভারতীয় চোরাচালানের পণ্য জব্দ করেছে বিজিবি। এ সময় ট্রাকচালক ও তাঁর সহকারীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার রাতে বন্দরের ভবেরবেড় এলাকায় পৌর ট্রাক টার্মিনালে এই অভিযান চালানো হয়। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে বিজিবি এ তথ্য জানায়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাগুরা জেলার মাগুরা থানার হাজি রোড কলেজপাড়া এলাকার ট্রাকচালক আব্দুল মালেক (৪৬) এবং একই জেলার শিবরামপুরপাড়া এলাকার সহকারী অন্তর কর্মকার (২৯)।
বিজিবি জানায়, পণ্যবোঝাই একটি কার্গো ট্রাক বিপুল পরিমাণ ভারতীয় পণ্য নিয়ে ঢাকায় যাবে বলে খবর পায় তারা। পরে বিজিবির একটি দল ভবেরবেড় এলাকায় পৌর ট্রাক টার্মিনালের সামনে অবস্থান নেয়। এ সময় মাগুরা কার্গো সার্ভিসের একটি কার্গো ট্রাকে তল্লাশি করে ভারতীয় শাড়ি, থ্রি-পিস, ওষুধ, মোটরসাইকেলের টায়ার এবং বিভিন্ন প্রকার কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। জব্দ করা এসব পণ্যের মূল্য ২ কোটি ৫৫ লাখ টাকা।
বিজিবির জিজ্ঞাসাবাদে ট্রাকচালক স্বীকার করেন, ২০ হাজার টাকার বিনিময়ে এসব অবৈধ পণ্য ঢাকায় পৌঁছে দেওয়ার জন্য তাঁরা চুক্তি বদ্ধ হন।
বন্দরের বাইপাস সড়কে গতকাল রাতে বেলাল নামে এক শ্রমিকের মাধ্যমে এসব পণ্য বন্দরের কাঁচামালের মাঠ থেকে লোড করানো হয়েছে। বিজিবির অভিযানের খবর পেয়ে তাঁরা পালিয়ে যান।
বেনাপোল বন্দর পরিচালক শামিম হোসেন জানান, ক্যামেরার আড়ালে গিয়ে শ্রমিকেরা ভারতীয় ট্রাক থেকে বাংলাদেশি ট্রাকে পণ্য আনলোড করেছে। তবে কারা এসবের সঙ্গে জড়িত, শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, দুজনের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। জব্দ করা পণ্য বেনাপোল কাস্টম হাউসে জমা দেওয়া হয়েছে এবং জব্দ ট্রাক বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে