
দাবি বাস্তবায়ন না হওয়ায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য কার্যালয়ে ঝুড়িভর্তি ‘মুলা’ উপহার দিয়ে প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। আজ শনিবার বেলা আড়াইটার দিকে উপাচার্য কার্যালয়ের কর্মকর্তা পার্থ সারথী দাসের হাতে প্রতীকী এই মুলা তুলে দেন তাঁরা। এ সময় উপাচার্য ড. আব্দুল মজিদ কার্যালয়ে উপস্থিত ছিলেন না।
শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাম্পাস ও আবাসিক হলে সিসি ক্যামেরার ঘাটতির কারণে নিয়মিত চুরির ঘটনা ঘটছে, অথচ প্রশাসনের কোনো দৃশ্যমান উদ্যোগ নেই। প্রায় ছয় মাস ধরে রাস্তা সংস্কারের নামে বারবার কাজ শুরু ও বন্ধ করা হলেও এখনো তা সম্পূর্ণ হয়নি। বাকি অংশ সংস্কারে প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।
একই সঙ্গে মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়নি। বন্ধের দিনগুলোতে সেবা বন্ধ থাকে এবং চিকিৎসাকে হলের সঙ্গে সংশ্লিষ্ট করে শিক্ষার্থীদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন তাঁরা।
এ ছাড়া দেড় বছর দায়িত্বে থেকেও প্রশাসন ক্যাম্পাস সম্প্রসারণ ও নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। ক্যাম্পাসের প্রধান ফটক থেকে হল ও একাডেমিক ভবনসমূহে পর্যাপ্ত আলোকসজ্জার ব্যবস্থাও নেই।
জানতে চাইলে সেখানে উপস্থিত শিক্ষার্থী মো. হাবিবুর রহমান ইমরান আজকের পত্রিকাকে বলেন, ‘উপাচার্য স্যারের যোগদানের দেড় বছর পূর্ণ হলেও শিক্ষার্থীদের মৌলিক দাবি বাস্তবায়নের বদলে তিনি শুধু আশ্বাস দিয়ে গেছেন। ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করতে তিনি ব্যর্থ হয়েছেন। আবাসিক হলে চুরি, বহিরাগতদের অবাধ প্রবেশ, চিকিৎসাসেবায় বিলম্ব এবং সংস্কারের নামে হয়রানি চলছে।’
আরেক শিক্ষার্থী সামিউল আলিম সামি বলেন, ‘শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ দাবিগুলো বারবার তুলে ধরলেও উপাচার্য শুধু আশ্বাস দিয়েছেন, বাস্তবে কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি। তাই দাবি বাস্তবায়ন না হওয়ায় প্রতিবাদ জানাতে আমরা প্রতীকীভাবে মুলা উপহার দিয়েছি।’
এই বিষয়ে কথা বলতে উপাচার্য ড. আব্দুল মজিদের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে সাড়া না দেওয়ায় তাঁর বক্তব্য জানা যায়নি।

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
৩৬ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২ ঘণ্টা আগে