Ajker Patrika

জামালপুরে ২০টি গ্রামে ঈদ উদ্‌যাপন মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে

জামালপুর প্রতিনিধি 
জামালপুরে ২০টি গ্রামে ঈদ উদ্‌যাপন মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে
জামালপুরে আজ শুক্রবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন মুসল্লিরা। ছবি: আজকের পত্রিকা

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে জামালপুরের তিন উপজেলায় ঈদুল ফিতর উদ্‌যাপন করা হচ্ছে। জেলার সরিষাবাড়ী উপজেলার ১৪টি গ্রাম, ইসলামপুর উপজেলার পাঁচটি ও মাদারগঞ্জ উপজেলায় একটি গ্রামে আজ শুক্রবার (২০ মার্চ) ঈদুল ফিতরের নামাজ আদায় করেন মুসল্লিরা।

আজ সকাল সাড়ে ৮টায় সরিষাবাড়ী পৌরসভার বলারদিয়ার মধ্যপাড়া মাস্টার বাড়ি জামে মসজিদ মাঠে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের জামাতে ইমামতি করেন বলারদিয়ার জামে মসজিদের খতিব আজিম উদ্দিন মাস্টার। এতে পুরুষের পাশাপাশি নারীরাও অংশগ্রহণ করেন।

ঈদের নামাজ পড়তে আসা মুসল্লি মো. আপন বলেন, ‘আমার পরিবার থেকে আমি একাই সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদের নামাজ আদায় করি। মধ্যপ্রাচ্যে চাঁদ দেখা গেছে, তাই আমরা নামাজ আদায় করছি।’

উপজেলার বলারদিয়ার, মূলবাড়ী, সাতপোয়া, সাঞ্চারপাড়, পঞ্চপীর, পাখাডুবি, বনগ্রাম, বালিয়া, বাউসী, হোসনাবাদ, পাটাবুগা, পুঠিয়ারপাড় ও বগারপাড় গ্রামের প্রায় তিন শতাধিক মানুষ এ নামাজে অংশ নেন।

বলারদিয়ার মধ্যপাড়া মাস্টার বাড়ি জামে মসজিদ মাঠে ঈদের জামাতের ইমাম আজিম উদ্দিন মাস্টার বলেন, ‘২০ বছর ধরে আমাদের এই মসজিদের সামনে ঈদের নামাজ আদায় করা হয়। আগে ৩০০ থেকে ৪০০ মানুষ হতো। এখন বিভিন্ন জায়গায় জামায়াত ভাগ করে দেওয়ায় কিছুটা কম মুসল্লি দেখছি।’

এ ছাড়া ইসলামপুরের নৌয়ারপাড়া ইউনিয়নের রামবদ্রা গ্রামে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত