
নৌ-পথে ইতালি যাওয়ার সময় তিউনিসিয়ায় নৌকাডুবিতে মৃত্যুবরণ করা আট বাংলাদেশির মধ্যে তিনজনের বাড়িই গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায়।
তাঁরা হলেন—উপজেলার রাগদী ইউনিয়নের বড়দিয়া গ্রামের দাদন মজুমদারের ছেলে রিফাত মাতুব্বর (১৮), উপজেলার দিগনগর ইউনিয়নের ফতেপট্টি গ্রামের আবুল কাশেম শেখের ছেলে রাসেল শেখ (১৮) এবং উপজেলার গোহালা ইউনিয়নের গঙ্গারামপুরের গয়লাকান্দি গ্রামের মো. পান্নু শেখের ছেলে ইমরুল কায়েস আপন (২৪)।
ইমরুল কায়েস আপনের সঙ্গে কথা বলে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন ইমরুল কায়েস আপন। গত ৯ মাস আগে তাঁর বাবা স্ট্রোক করেন। লেখাপড়ার খরচ জোগাতে না পেরে ৬ মাস আগে বাড়িতে চলে আসে আপন। বাবার চিকিৎসা ও পরিবারের হাল ধরতে অবৈধ পথে ইতালি যেতে মনস্থির করেন। এ বিষয়ে আপন ও তাঁর পরিবার লিবিয়া প্রবাসী দালাল রহিমের সঙ্গে যোগাযোগ করেন। ১১ লাখ টাকায় ইতালি পাঠানোর চুক্তি হয়।
চুক্তি অনুযায়ী প্রথমে ২০২৩ সালের ৬ ডিসেম্বর বাড়ি থেকে লিবিয়ার উদ্দেশ্যে বের হন আপন। লিবিয়াতে গিয়ে ওই দালালের কাছে আশ্রয় নেন। সেখানে অবস্থানকালে ২০২৪ সালের ৮ জানুয়ারি ১১ লাখ টাকা দালালের কথা মতো একটি ব্যাংক অ্যাকাউন্টে প্রেরণ করেন আপনের বাবা। টাকা পাওয়ার পরে আপনকে ইতালি পাঠানোর প্রক্রিয়া শুরু করে দালাল। গত ১৪ ফেব্রুয়ারি বিকেলে মুঠোফোনে আপন তাঁর বাবাকে জানায়, বাড়ির সবাই যেন তাঁর জন্য দোয়া করে। কিছু সময় পরে নৌকাযোগে ইতালির উদ্দেশ্যে রওনা করবে। সেখানে পৌঁছাতে পারলে পরিবারের সঙ্গে কথা হবে তাঁর। কিন্তু ইতালি যাওয়ার পথে তিউনিসিয়ায় নৌকাডুবিতে প্রাণ হারান আপন।
আপনের বাড়িতে রয়েছে অসুস্থ বাবা-মা ও ৫ বছরের বোন মিম। আপনের মৃত্যুর খবরে বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। শুধু আপন নন; নিহত অন্যদের বাড়িতেও চলছে শোকের মাতম। নৌকাডুবিতে মৃত্যুর খবর শুনে নিহতদের বাড়িতে ভিড় করছেন এলাকাবাসী।
নিহত ইমরুল কায়েস আপনের অসুস্থ বাবা মো. পান্নু শেখ আজকের পত্রিকাকে বলেন, ‘এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছিল আমার ছেলে। কৃষি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করত। অভাবের কারণে লেখাপড়া বাদ দিয়ে বাড়ি চলে আসে। আত্মীয়-স্বজন অনেকে ইতালিতে গিয়ে ভাগ্য পরিবর্তন করেছে। এ কারণে আত্মীয়-স্বজনদের কাছ থেকে ধার-দেনা করে ১১ লাখ টাকা গুছিয়ে, আমি আপনকে ইতালিতে পাঠাতে চেয়েছি। এ জন্য আমার আত্মীয়র মাধ্যমে লিবিয়া পাঠাই। সেখান থেকে ১৪ ফেব্রুয়ারি মোবাইলে আমার সঙ্গে কথা হয়। সে কিছু সময় পরে ইতালির দিকে রওনা করবে এ জন্য দোয়া চায়। এরপর আর আমার সঙ্গে কোনো কথা হয়নি। আমি আমার ছেলেকে ফিরে পেতে চাই।’
আপনের বাবা বলেন, ‘আমার অনেক আত্মীয়-স্বজন আছে যারা এভাবে ইতালিতে গিয়েছে। এতে ভয় আছে জানি; তবে ভাগ্যের ওপর ভরসা করেছিলাম—যদি ভাগ্যে থাকে তাহলে ভালো দিন ফিরবে আমাদের। এ জন্য ছেলেকে পাঠিয়েছি।’
প্রতিবেশী লিলি বেগম বলেন, ‘আপন ভালো ছেলে ছিল, লেখাপড়ায়ও ভালো ছিল। এদের বাড়িতে কান্নাকাটি শুনে আইছি। শুনেছি নৌকা ডুইবগে গেছে। বাইচে আছে না মইরে গেছে কইতে পারি না। কেউ কয় মইরে গেছে, কেউ কয় হাসপাতালে আছে কেউ কয় খোঁজ পাওয়া যায় নাই।’
আপনের প্রতিবেশী এনামুল মাতুব্বর আজকের পত্রিকাকে বলেন, ‘আপন কখনো মাথা উঁচু করে কথা বলেনি। অভাবের কারণেই সে বিদেশে পাড়ি দেছে। কিন্তু আল্লাহ তায়ালা কেন যে ভাগ্যে এমনটা রাখল। তবে অবৈধভাবে যেন কেউ বিদেশে না যায় সেই কথাই বলব।’

বরিশালের শিকারপুর ব্রিজ টোল প্লাজায় রোববার দিবাগত রাত ৩ টায় ট্রাকে পাচারকালে ১৩ ব্যারেল রেনু পোনা জব্দ করা হয়েছে। সোমবার এসব রেনু কীর্ত্তণখোলা নদীতে অবমুক্ত করা হয়। ঘটনায় ট্রাকের ৭ শ্রমিক পালিয়ে গেছে। কাউকে আটক করা যায়নি।
৫ মিনিট আগে
গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
৯ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২৮ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে