
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় সরকারি খালের ওপর নির্মিত একটি বাঁশের সাঁকো ও চলাচলের রাস্তা বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে পুইশুর ইউনিয়নের সীতারামপুর গ্রামের অন্তত ৩২টি পরিবার চরম ভোগান্তিতে পড়েছেন। ভুক্তভোগীরা সমস্যার সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পুইশুর ইউনিয়নের সীতারামপুর গ্রামে বিআরএস জরিপের ২৮১৩ নম্বর দাগের ওপর দিয়ে এলাকাবাসীর চলাচলের সুবিধার্থে দীর্ঘদিন আগে একটি রাস্তা নির্মাণ করে ইউনিয়ন পরিষদ। ওই রাস্তার মাঝখানে সরকারি খালের ওপর একটি বাঁশের সাঁকোও তৈরি করা হয়।
অভিযোগ রয়েছে, ১৫ এপ্রিল হঠাৎ রাস্তার মাটি কেটে এবং বাঁশের বেড়া দিয়ে চলাচলের পথ বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে সাঁকোটিও আংশিক ভেঙে ফেলা হয়েছে।
ভুক্তভোগীদের দাবি, স্থানীয় স্বপন শরীফ ও রমজান শরীফসহ কয়েক ব্যক্তি মিলে জনস্বার্থে ব্যবহৃত এই পথটি বন্ধ করে দিয়েছেন। এতে ৩২টি পরিবারের প্রায় ৩০০ মানুষ কার্যত নিজ বাড়িতেই অবরুদ্ধ হয়ে পড়েছেন।
তবে অভিযুক্তদের দাবি, জমির মালিকানা তাঁদের। অতীতে এখানে ইউনিয়ন পরিষদের কাজ করার বিষয়টি স্বীকার করলেও বর্তমানে তাঁরা চলাচলের জন্য রাস্তা দিতে রাজি নন।
ঘটনার পর রামদিয়া ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে মীমাংসার উদ্যোগ নেন। তবে অভিযোগ রয়েছে, অভিযুক্তরা এতে কর্ণপাত করেননি।
পুইশুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য পিল্টন শিকদার বলেন, ‘বিষয়টি মীমাংসার চেষ্টা করেছি, কিন্তু সফল হইনি।’
ভুক্তভোগী গ্রামবাসীর দাবি, মানুষের চলাচলের অধিকার নিশ্চিত করতে প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে