
গাজীপুরের কালীগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক মধ্যবয়সী ব্যক্তির বীভৎস মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মুখমণ্ডল ও গলায় ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন দেখে স্থানীয়দের ধারণা, এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড। মঙ্গলবার (২ জুন) সকালে উপজেলার তুমুলিয়া ইউনিয়নের বঙ্গবন্ধু বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে বঙ্গবন্ধু বাজারসংলগ্ন সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। কাছে গিয়ে দেখা যায়, লোকটির নিথর দেহ পড়ে আছে এবং চারপাশ রক্তে রঞ্জিত। খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে সংবাদ পেয়ে কালীগঞ্জ থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহটি উদ্ধার করে।
নিহতের শরীরের জখমগুলো অত্যন্ত ভয়াবহ। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতের মুখের ডান দিকে কোনো ভারী বা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বীভৎস করে ফেলা হয়েছে। এ ছাড়া গলার মাঝখানেও ধারালো অস্ত্রের গভীর ক্ষত রয়েছে। আঘাতের ধরন ও ঘটনাস্থলের পরিস্থিতি দেখে পুলিশ ও স্থানীয়দের ধারণা, অন্য কোথাও হত্যার পর খুনিরা নির্জন স্থান হিসেবে মরদেহটি এখানে ফেলে রেখে গেছে।
নিহতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের ভাষ্যমতে, নিহতের আনুমানিক বয়স ৫৫ বছর। তার পরনে ছিল একটি জলপাই-সবুজ রঙের টি-শার্ট এবং সাদা রঙের চেক ট্রাউজার। পরিচয় শনাক্তের জন্য আশপাশের এলাকাগুলোতে সংবাদ পাঠানো হয়েছে।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। নিহতের মুখ এবং গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে, যা প্রাথমিকভাবে একটি হত্যাকাণ্ড বলেই প্রতীয়মান হচ্ছে। আমরা লাশের পরিচয় শনাক্তের জন্য আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) সংগ্রহের পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজ ও অন্যান্য আলামত সংগ্রহের চেষ্টা করছি। আশা করছি দ্রুতই নিহতের পরিচয় এবং এই ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে সক্ষম হব।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১০ ঘণ্টা আগে