জামিনে মুক্তি পাওয়া ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পেয়েছেন। তিনি আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে কারাগার থেকে বেরিয়ে স্বজনদের সঙ্গে ঢাকার উদ্দেশে যাত্রা করেন।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালীন নাহার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ দুপুরে নুসরাতের জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছালে যাচাই-বাছাই শেষে তাঁকে বেলা ৩টা ২৮ মিনিটে মুক্তি দেওয়া হয়। তারপর তিনি স্বজনদের সঙ্গে ঢাকার উদ্দেশে চলে গেছেন।
এ সময় কারাগারের সামনে সাংবাদিকেরা অপেক্ষমাণ থাকলেও নুসরাত কারও সঙ্গে কোনো কথা না বলে অতি গোপনে বেরিয়ে যান।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর ভাটারা থানায় করা মামলায় নুসরাত আজ বেলা সাড়ে ১১টার দিকে জামিন লাভ করেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান তাঁর জামিন মঞ্জুর করেন।
তখন শুনানি শেষে নুসরাতের আইনজীবী মোহাম্মদ ইফতেখার হোসেন সাংবাদিকদের বলেছিলেন, ‘ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ আমাদের সাবমিশনে সন্তুষ্ট হয়ে অবশেষে চলচ্চিত্র নায়িকা নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর করলেন।’
গত রোববার দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাতকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাঁকে গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদ শেষে ভাটারা থানার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে ওই থানায় হস্তান্তর করা হয়।
গতকাল সোমবার সকাল ৯টার দিকে নুসরাতকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় নেওয়া হয়। সকাল ১০টার দিকে তাঁকে এজলাসে উপস্থিত করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) বিল্লাল ভূঁইয়া নুসরাতকে কারাগারে পাঠানোর এবং তাঁর আইনজীবীরা তাঁর জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে জামিন বিষয়ে আরও শুনানির জন্য ২২ মে দিন ধার্য করেছিলেন। পরে বেলা আড়াইটার দিকে নুসরাতকে ঢাকা থেকে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে স্থানান্তর করা হয়।
মামলার নথিপত্র থেকে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ভাটারা থানা এলাকায় হত্যাচেষ্টার অভিযোগে আদালতে মামলা করেন এনামুল হক নামের এক ব্যক্তি। ২৮ এপ্রিল আদালতের আদেশের পরদিন ভাটারা থানায় মামলাটি নথিভুক্ত হয়। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৩০০-৪০০ জনকে আসামি করা হয়। এতে বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ জোগানদাতা হিসেবে চিত্রনায়িকা নুসরাতকে আসামি করা হয়।
মামলায় উল্লেখ করা হয়, অভিযুক্তরা সরাসরি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিরোধী শক্তি হিসেবে কাজ করেন। তাঁদের ছোড়া গুলিতেই বাদী এনামুলের ডান পায়ে গুলি লাগে। এতে তিনি অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান।
আরও খবর পড়ুন:

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১১ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৪৩ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে