
কড়া নাড়ছে মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। আজ ২৮ রমজান। ঈদের নতুন জামা-জুতার কেনাকাটা তাই উঠেছে তুঙ্গে। অনেকের কেনাকাটা ইতিমধ্যে শেষ। যাঁদের নানা কারণে সম্ভব হয়নি, বাজারে এখন মূলত তাঁদেরই ভিড়; বিশেষ করে পাঞ্জাবির দোকানগুলোতে ক্রেতা বেশি।
গতকাল মঙ্গলবার এই প্রতিবেদক রাজধানীর বিভিন্ন বিপণিবিতান ও ফুটপাতে পাঞ্জাবির বেচাবিক্রির খোঁজ নেওয়ার চেষ্টা করেছেন। গুলিস্তান, নিউমার্কেট ও নিউ এলিফ্যান্ট রোডের দোকানগুলোতে গিয়ে দেখা যায়, ক্রেতারা ভিড় ঠেলে পছন্দের পাঞ্জাবি বেছে নিচ্ছেন। এই এলাকাগুলো নিম্নবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্তের পছন্দের কেনাকাটার জায়গা।
কোনো কোনো দোকানে ক্রেতাকে ডাকতে বিক্রয়কর্মীরা ছোট মাইক ব্যবহার করছেন। কেউবা মুখে হাঁকছেন,‘ বাইছা লন, দেইখা লন; হাজারের মাল ৩০০, ৫০০, ৬০০ টাকা’।
দেখা গেল পাঞ্জাবির ক্রেতাদের মধ্যে অনেকে দোকান কর্মচারী, পোশাককর্মী, শ্রমিক-কর্মচারী। কয়েকজন শিক্ষককেও পাওয়া গেল। কেউ কেউ এসেছেন ঢাকার আশপাশ থেকে। কয়েকজন এই প্রতিবেদককে জানান, কাজের চাপে তাঁরা এত দিন কেনাকাটা করতে পারেননি। ছুটি পাওয়ার পরপরই এসেছেন।
নিউ এলিফ্যান্ট রোডে ক্রেতা মো. ইমন হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বুধবার গ্রামের বাড়িতে যাব। ছুটি পেয়েই পাঞ্জাবি কিনতে এসেছি। ভিড়ের কারণে বাইরে দাঁড়িয়েই দেখছি। কোনোটা পছন্দ হলে দোকানে ঢুকে কিনব।’
নরসিংদী থেকে আসা শিক্ষা কর্মকর্তা মো. কবীর হোসেন বলেন, ‘আমার অফিস ছুটি হয়েছে। এ জন্য নিজের জন্য পাঞ্জাবি কিনতে এসেছি।’
বিক্রেতা মো. নাঈম আজকের পত্রিকাকে বলেন, ‘শেষ সময়ে কিনতে আসা লোকজনের অধিকাংশ সাধারণ কর্মজীবী মানুষ। সোমবার থেকে দোকানে ভিড় বেশি।’
দোকান ব্যবসায়ী মালিক সমিতির তথ্যমতে, ঈদে শিশুদের পোশাকের পরেই বেশি বিক্রি হয় পাঞ্জাবি।
গুলিস্তান ও নিউমার্কেট এলাকার বিপণিবিতানগুলোতে বিক্রি হচ্ছে সুতি, সিল্ক, লিনেন ও অ্যান্ডি সিল্কের পাঞ্জাবি। এমব্রয়ডারি, ব্লক প্রিন্টের ডিজাইনের পাশাপাশি কাটছাঁটেরও রয়েছে ভিন্নতা। মান অনুযায়ী পাঞ্জাবিগুলোর দাম ১ হাজার থেকে ১৫ হাজার টাকা। গুলিস্তান ও বায়তুল মোকাররম এলাকার কিছু দোকানে পাঞ্জাবির দাম তুলনামূলক কম। সাধারণ থেকে জমকালো নকশাদার পাঞ্জাবির দাম সেখানে ৩০০ থেকে শুরু করে ১ হাজার ২০০ টাকা।
মো. আকরাম খান নামের এক ক্রেতা আজকের পত্রিকাকে বলেন, ‘কাজের চাপের কারণে এত দিন মার্কেটে আসতে পারিনি। আজ এলাম পরিবারের কয়েকজনের জন্য পাঞ্জাবি কিনতে। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে পাওয়া যায়, সে জন্যই এখানে আসা।’
কয়েকজন বিক্রেতা বললেন, প্রায় সারা রোজা ধরে বিক্রি হয়েছে। শেষের দিকে আসল চাপ তৈরি হয়। এখন শেষ মুহূর্তে সব মিলিয়ে বেচাবিক্রি কম। তবে পাঞ্জাবি বিক্রি হচ্ছে ভালো।
সবার নজর এখন পাঞ্জাবির দিকে। শার্টের দোকানের কর্মী রবিউল আলম রাশেদ বলেন, ‘এখন বেশি বিক্রি হচ্ছে পাঞ্জাবি। এই সময়ে মার্কেটে পোশাককর্মী আসছে বেশি। তারা সবাই চাইছে পাঞ্জাবি।’
আব্দুর রহমান নামের এক দোকানি বলেন, অনেকে পাঞ্জাবির সঙ্গে পায়জামাও কিনছেন। দাম ৩০০ থেকে শুরু করে ১ হাজার ৫০০ টাকা।
অন্যদিকে পাঞ্জাবি তৈরির থান কাপড়ের দোকানগুলোতে বেচাবিক্রি নেই বললেই চলে। থান কাপড়ের দোকানিদের তথ্য অনুযায়ী গত বছরের রমজানে যে পরিমাণ বিক্রি হয়েছে, এবার তার অর্ধেকও হচ্ছে না। পাঞ্জাবির সিট কাপড়ের মধ্যে জনপ্রিয় সুতি, লিনেন এবং ভারত ও পাকিস্তানের প্রিমিয়াম সিল্ক কাপড়ের পিস। এ ছাড়া রয়েছে চীন, ইতালির কাপড় এবং জাপানের টরে। এসবের দাম গজ ১৮০ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত। পাঞ্জাবির সিট কাপড়ের পিস ১ হাজার থেকে ১০ হাজার টাকা।
থান কাপড়ের দোকানি নাজমুল হাসান বলেন, ‘লোকের এবার বেশি আগ্রহ তৈরি পোশাকের দিকে। গতবার দিনে ৩০ থেকে ৪০ হাজার টাকার বিক্রি হয়েছিল। এখন প্রতিদিন গড়ে ১০ হাজার টাকা বিক্রি হচ্ছে।’
ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মো. আরিফুর রহমান টিপু আজকের পত্রিকাকে বলেন, গুলিস্তান ও বঙ্গবাজার মিলিয়ে রয়েছে প্রায় ১০ হাজার পোশাকের দোকান। এখানে বাচ্চাদের পোশাকের পরেই বেশি বিক্রি হয় পাঞ্জাবি।
অর্থনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রুমানা হক আজকের পত্রিকাকে বলেন, ‘অর্থনৈতিক সংকটের মধ্যেও মানুষ ঈদের মতো উৎসবে সাধ্য অনুযায়ী কেনাকাটা করেন। আমাদের সামাজিক সংস্কৃতি ও ঐতিহ্যের দিক থেকে পুরুষেরা ঈদে পাঞ্জাবি কিনতে বেশি পছন্দ করেন।’

এবারের ঈদে সাত দিনের ছুটি পাচ্ছেন সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীরা। আর ঈদের ছুটিতে বাড়তি পর্যটকের চাপ সামাল দিতে পর্যটননগরী কক্সবাজারে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রমজানে হোটেল-মোটেল, রিসোর্ট ও কটেজগুলোতে কক্ষ ভাড়ায় ৬০ শতাংশ পর্যন্ত ছাড় দিয়েও পর্যটক পাওয়া যায়নি।
১ ঘণ্টা আগে
রংপুরের পীরগঞ্জ উপজেলার খালাশপীরে আবিষ্কৃত সম্ভাবনাময় কয়লাখনির কার্যক্রম প্রায় দুই দশক ধরে সিদ্ধান্তহীনতায় থমকে আছে। ফলে দেশের অন্যতম বৃহৎ জ্বালানির উৎস হিসেবে বিবেচিত হলেও এখনো শুরু হয়নি কয়লা উত্তোলনের কার্যক্রম।
১ ঘণ্টা আগে
জামালপুরের মেলান্দহ উপজেলার ইউনিয়ন ছাত্রদলের দুই নেতাকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। পরে দল থেকে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনিরুজ্জামান শিপলু ফকির ও সদস্যসচিব রকিব হাসান রনি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার (১৭ মার্চ) এ তথ্য জানানো হয়েছে।
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সিভিল এভিয়েশনের নিরাপত্তাপ্রহরীর ঘুষিতে নিরাপত্তা সুপারভাইজার আহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৭ মার্চ) সকালে শাহ আমানত বিমানবন্দরের নিরাপত্তা সুপারভাইজার আজিম উদ্দিনের তাঁর অধীন নিরাপত্তাপ্রহরী সাজ্জাত হোসেনের সঙ্গে দায়িত্বের বিষয়ে কথা-কাটাকাটি হয়।
২ ঘণ্টা আগে