
সিঙ্গাপুরেই শরিফ ওসমান বিন হাদির জরুরি অস্ত্রোপচারের অনুমতি পরিবারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।
ওই পোস্টে বলা হয়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি বর্তমানে ‘জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে’ রয়েছেন।
জুলাই অভ্যুত্থান ও আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া হাদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত শুক্রবার গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গেলে হাদির ওপর হামলা হয়। চলন্ত একটি রিকশায় থাকা অবস্থায় চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে থাকা এক আততায়ী তাঁকে গুলি করেন। গুলিটি হাদির মাথায় লাগে।
গুরুতর আহত অবস্থায় তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচার শেষে রাতেই তাঁকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে গত সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়।
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে হাদিকে দেখে গতকাল বুধবার রাতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে ফোন করে তাঁর শারীরিক অবস্থার বিষয়ে অবহিত করেন। ফোনালাপে তিনি জানান, হাদির অবস্থা ‘অত্যন্ত সংকটাপন্ন’।
আজ বিকেলে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া আরেকটি পোস্টে সবাইকে দোয়ার আহ্বান জানিয়ে বলা হয়, ‘আল্লাহ যেন তাঁকে হায়াতে তাইয়্যেবাহ নসিব করেন। আর ওসমান হাদী যদি রবের ডাকে সাড়া দিয়ে শহীদের কাতারে শামিল হন, সেক্ষেত্রে পুরো বাংলাদেশের স্বাধীনতাকামী মজলুম জনতাকে সার্বভৌমত্ব নিশ্চিতকরণে শাহবাগে জড়ো হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।’
একই সঙ্গে ইনকিলাব মঞ্চ জানায়, হত্যাচেষ্টার সঙ্গে জড়িত ব্যক্তিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত তারা শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করবে এবং প্রয়োজন হলে পুরো দেশ অচল করে দেওয়ার কর্মসূচি দেওয়া হবে।
পোস্টে আরও বলা হয়, হামলার সঙ্গে জড়িত কেউ ভারতে পালিয়ে গেলে ভারত সরকারের সঙ্গে আলোচনা করে যেকোনো মূল্যে তাঁকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে।
এদিকে হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় পরিবারের সম্মতি নিয়ে গত রোববার রাতে পল্টন থানায় একটি মামলা করা হয়। ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের মামলাটি করেন।
মামলায় প্রধান আসামি করা হয়েছে ফয়সাল করিম মাসুদকে। এ ঘটনায় তাঁর স্ত্রী, বান্ধবী, শ্যালক, বাবা, মা ও হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক সন্দেহে একজন, সহযোগী কবির এবং ফয়সাল করিমকে পালাতে সহায়তার অভিযোগে সীমান্ত এলাকা থেকে আরও দুজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ভারতে পালিয়ে গেছেন বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সন্দেহ করছেন।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
১১ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে