বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পোশাকশ্রমিক রুবেলকে হত্যার অভিযোগে রাজধানীর আদাবর থানার মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপকে ৭ দিনের রিমান্ডে এবং সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন এই রিমান্ড মঞ্জুর করেন।
সন্ধ্যার আগে গোলাপকে আদালতে হাজির করে আদাবর থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে। শুনানি শেষে আদালত ৭দিনের রিমান্ড মঞ্জুর করেন। গতকাল রোববার রাজধানীর পশ্চিম নাখালপাড়া থেকে গোলাপকে গ্রেপ্তার করা হয়। তাকে আদাবর থানার এ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
এদিকে উত্তরা পূর্ব থানায় দায়ের করা একটি হত্যা মামলায় চারদিনের রিমান্ড শেষে ৭১ টিভির সাবেক প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ ও প্রধান প্রতিবেদক ফারজানা রুপাকে আদালতে হাজির করা হয়। উত্তরা পূর্ব থানার পুলিশ তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পরে আদাবর থানায় দায়ের করা পোশাক শ্রমিক হত্যা মামলায় শাকিল ও রুপাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। একই সঙ্গে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত শুনানি শেষে আদাবর থানার মামলায় দুইজনকে গ্রেপ্তার দেখিয়ে ৫ দিন রিমান্ড মঞ্জুর করেন।
গত ২২ আগস্ট শাকিল ও রুপাকে চারদিনের রিমান্ডে নেওয়া হয়। আগের দিন রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশ যাওয়ার প্রাক্কালে তাদের আটক করা হয়।
আদাবর থানায় দায়ের করা পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, সাকিব আল হাসান ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদসহ ১৫৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪০০-৫০০ জনকে আসামি করা হয়।
গত ২২ আগস্ট পোশাকশ্রমিক রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে আদাবর থানায় মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, গত ৫ আগস্ট রুবেল আদাবরের রিংরোডে ছাত্র-জনতার প্রতিবাদী মিছিলে অংশ নেন। এসময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ, প্ররোচনা, সাহায্য, সহযোগিতা ও প্রত্যক্ষ মদদে মিছিলে গুলি ছোড়া হয়। এতে বুকে ও পেটে গুলিবিদ্ধ হন রুবেল। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট মারা যান তিনি।
মামলায় আসামির তালিকায় দল হিসেবে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, বাংলাদেশ তাঁতী লীগ, বাংলাদেশ কৃষক লীগ, বাংলাদেশ মৎস্যজীবী লীগের নামও রয়েছে।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেছেন, আসামি আব্দুস সোবহান গোলাপ, শাকিল ও রুপা পোশাক শ্রমিক রুবেল হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত ছিলেন বলে তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। ঘটনার মূল রহস্য এবং হত্যাকাণ্ডের নির্দেশদাতাদের নাম জানার জন্য তাদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১০ ঘণ্টা আগে