
পরিবারের সঙ্গে ঈদের ছুটি কাটাতে ময়মনসিংহের ধোবাউড়ায় গ্রামের বাড়িতে গিয়েছিলেন সাভারের আল-মুসলিম গ্রুপের কর্মী হাসনা হেনা। কিন্তু ছুটির মধ্যেই মোবাইল ফোনে কর্মস্থল থেকে পাঠানো একটি খুদে বার্তায় জানতে পারেন, বাংলাদেশ শ্রম আইনের ২০ ধারা অনুযায়ী তাঁকে ছাঁটাই করা হয়েছে। আকস্মিক এ বার্তা তাঁর ঈদের আনন্দ ম্লান করে দেয়।
হাসনা হেনার মতো আরও ১ হাজার ৮৬৭ জন শ্রমিক ও স্টাফকেও ঈদের ছুটির মধ্যে একইভাবে ছাঁটাই করা হয়। ছুটি শেষে কর্মস্থলে ফিরে এসে চাকরি হারানোর বিষয়টি নিশ্চিত হয়ে তাঁরা চরম হতাশায় পড়েন। যদিও কর্তৃপক্ষের দাবি, শ্রম আইনের ২০ ধারা অনুযায়ী ছুটিকালীন সময়েই বিকাশের মাধ্যমে তাঁদের প্রাপ্য অর্থ পরিশোধ করা হয়েছে।
ঈদের ছুটি শেষে শনিবার (৬ জুন) প্রথম কর্মদিবসে কর্মস্থলে এসে কারখানায় প্রবেশ করতে না পেরে ক্ষোভে ফেটে পড়েন ছাঁটাই হওয়া শ্রমিকেরা। সকাল ৯টার দিকে কয়েক শ শ্রমিক ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকাগামী লোকাল লেন অবরোধ করে বিক্ষোভ করেন। এতে সড়কের একপাশে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। সকাল ১০টার দিকে পুলিশ কর্মকর্তাদের অনুরোধে শ্রমিকেরা অবরোধ তুলে নেন।
শ্রমিকদের অভিযোগ, তাঁদের শ্রম আইনের ২৬ ধারা অনুযায়ী ছাঁটাই না করে ২০ ধারা প্রয়োগ করা হয়েছে। ফলে তিন মাসের বেতনের সমপরিমাণ অর্থসহ অন্যান্য প্রাপ্য সুবিধা থেকে তাঁরা বঞ্চিত হয়েছেন। শ্রমিক সংগঠনের নেতারাও দাবি করেছেন, ছাঁটাই প্রক্রিয়ায় শ্রম আইন যথাযথভাবে অনুসরণ করা হয়নি।
আল-মুসলিম গ্রুপের পক্ষ থেকে জানানো হয়, ব্যবসায়িক মন্দা ও ক্রয়াদেশ কমে যাওয়ায় অতিরিক্ত জনবল কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্রুপটির তিনটি কারখানায় কর্মরত ১৬ হাজার ২০০ শ্রমিক ও ১০ হাজার ৮০০ স্টাফের মধ্যে মোট ১ হাজার ৮৬৮ জনকে ছাঁটাই করা হয়েছে। এর মধ্যে উলাইল এলাকার একেএম নিটওয়্যার লিমিটেডের ১ হাজার ২৮৬ জন, রেডিও কলোনির প্যাসিফিক ব্লু জিনস ওয়্যারের ৫২৯ জন এবং আশুলিয়ার আল-মুসলিম অ্যাপারেলসের ৫৩ জন শ্রমিক ও স্টাফ রয়েছেন।
অপারেটর সাগরিকা বেগম বলেন, ‘আমি ২০১৭ সাল থেকে আল-মুসলিম গ্রুপে কর্মরত। আগাম কোনো নোটিশ ছাড়াই ঈদের ছুটির মধ্যে মোবাইলে বার্তা পাঠিয়ে আমাকে ছাঁটাই করা হয়েছে। এতে আমি চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছি।’ তিনি আরও দাবি করেন, শ্রম আইনের ২৬ ধারা অনুযায়ী ছাঁটাই করা হলে চাকরির ৯ বছরের জন্য ৯টি মূল বেতনের সমপরিমাণ অর্থ, তিন মাস ১৩ দিনের বেতন এবং অন্যান্য সুবিধা পাওয়ার কথা ছিল। কিন্তু তাঁকে বিকাশের মাধ্যমে মাত্র ১ লাখ ৩ হাজার টাকা পাঠানো হয়েছে, যার কোনো বিস্তারিত হিসাব দেওয়া হয়নি।
আরেক শ্রমিক মাহতাব হোসেন বলেন, ‘দেড় বছর আগে চাকরিতে যোগ দিয়েছিলাম। কী কারণে আমাকে ছাঁটাই করা হয়েছে, সেটিও জানানো হয়নি। চাকরি চলে যাওয়ার বিষয়ে আপত্তি নেই, তবে আইন অনুযায়ী পাওনা বুঝিয়ে দিতে হবে।’
বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজন বলেন, ‘সর্বশেষ নিয়োগপ্রাপ্ত শ্রমিকদের ক্ষেত্রে শ্রম আইনের ২০ ধারা প্রযোজ্য হতে পারে। তবে দীর্ঘদিন কর্মরত শ্রমিকদের ছাঁটাই করতে হলে ২৬ ধারা অনুযায়ী তিন মাসের বেতনসহ অন্যান্য সুবিধা দিতে হয়। আল-মুসলিম গ্রুপের ক্ষেত্রে সেই বিধান অনুসরণ করা হয়নি।’
তবে আল-মুসলিম গ্রুপের উপমহাব্যবস্থাপক (প্রশাসন) মো. আবু রায়হান বলেন, ব্যবসায়িক সংকট ও ক্রয়াদেশ কমে যাওয়ায় শ্রম আইনের ২০ ধারা অনুযায়ী অতিরিক্ত জনবল ছাঁটাই করা হয়েছে। নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট শ্রমিকদের সব আইনগত পাওনা ও বকেয়া পরিশোধ করা হয়েছে।
শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ ফয়ছল ইসলাম বলেন, শ্রমিকদের অভিযোগ খতিয়ে দেখা হবে। পাওনা পরিশোধে কোনো ভুলত্রুটি থাকলে কর্তৃপক্ষ সংশ্লিষ্ট শ্রমিকদের সঙ্গে আলোচনা করে আইন অনুযায়ী তা পরিশোধ করবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে