
রাজধানীর ধানমন্ডিতে নিজ বাড়ির পাশ থেকে অর্ণব ইসলাম (৩৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ১১ তলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ।
আজ শনিবার দুপুর ১২টার দিকে ধানমন্ডি ১১ নম্বর রোডের ৩১ নম্বর বাড়ির পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ বিকেলে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
পরিবার ও পুলিশ সূত্র জানায়, অর্ণব ওই বাসার মালিকের ছেলে। তাঁর বাবা মৃত রফিকুল ইসলাম। তিনি পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ছিলেন। মা হালিমা বেগম দ্বিতীয় বিয়ে করে আলাদা থাকেন। ছোট বোনের সঙ্গে ১১ তলা ভবনের তৃতীয় তলায় থাকতেন। অর্ণব তাঁর বাবার নামে যাত্রাবাড়ীতে একটি কলেজের দেখাশোনা করতেন বলে জানিয়েছে পরিবার।
১১ তলার ছাদের ওপর একতলার সমান উঁচু লিফটের মেশিন কক্ষ আছে। সেই মেশিন কক্ষের ছাদ থেকে তিনি নিচে পড়ে যান বলে জানিয়েছে পুলিশ।
নিহত ব্যক্তির খালা শাহানাজ বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘ছোট বোন পূর্ণকে নিয়ে অর্ণব বাড়িতে থাকত। বড় বোন অনিন্দিতা যুক্তরাজ্যে লেখাপড়া করে। দুজন গৃহপরিচারিকা তাদের দেখাশোনা করত। কিছুদিন ধরে সে কিছু ভীতির কথা বলেছিল, তাকে কেউ অনুসরণ করে, এটা নিয়ে তার ভয় লাগত। দুই দিন আগে সে এমন কথা বলেছিল। তারপর তাকে চিকিৎসকের পরামর্শ নিতে বলি, সে চিকিৎসকের কাছে যায়, কিন্তু তার মধ্যেই এই মৃত্যুর খবর। তাকে কেউ ছাদ থেকে ফেলে দিল নাকি সে পড়ে গেল নিশ্চিত না। সঠিক তদন্ত হলে বের হয়ে আসবে কী ঘটেছিল। তার গলায় দাগ রয়েছে।’
শাহানাজ বেগম আরও বলেন, বাবা মারা যাওয়ার পর মাকে এই বাড়িতে নিয়ে আসতে চেয়েছিল অর্ণব, এটা নিয়ে চাচা ও ফুফুদের সঙ্গে ঝামেলা চলছিল। সম্পত্তি নিয়েও বিরোধ আছে বলে জানান তিনি।
ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) মো. রাজিব হোসেন জানান, তাঁর পরিবার জানিয়েছে অর্ণব মাঝেমধ্যে ওই বাড়ির ছাদে উঠতেন। আজ দুপুরের তিনি ছাদে ওঠেন। এর কিছুক্ষণ পর সেখান থেকে নিচে পড়ে যান। খবর পেয়ে দুই ভবনের মাঝখান থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তবে তিনি ছাদ থেকে লাফিয়ে পড়েছেন নাকি দুর্ঘটনা, সেটি কেউ নিশ্চিত করতে পারেনি। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ছাদে লিফটের কক্ষের পাশেই একটি সিসিটিভি (ক্লোজ সার্কিট) ক্যামেরা আছে। ওই ক্যামেরার ফুটেজে দেখা গেছে, অর্ণব একাই সিঁড়ি বেয়ে ছাদে উঠেছেন। এরপর লিফটের মেশিন কক্ষের ওপর থেকে নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
অর্ণবের মায়ের বরাত দিয়ে ওসি সাইফুল ইসলাম আরও বলেন, তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। তাঁকে একাধিকবার মানসিক চিকিৎসকও দেখানো হয়েছে। এরপরও মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা তদন্ত করে দেখা হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১০ ঘণ্টা আগে