
ঢাকা মহানগরের জন্য প্রণীত বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) সংশোধনের খসড়া চূড়ান্ত হয়েছে। সম্প্রতি গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রস্তুত খসড়াটি উপদেষ্টা পরিষদে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সব ঠিক থাকলে এক মাসের মধ্যে গেজেট প্রকাশ করা হবে।
গত রোববার অনুষ্ঠিত বৈঠকে ঢাকা ইমারত বিধিমালা, ২০২৫ এবং ড্যাপের (২০২২–৩৫) কিছু সংশোধনী নিয়ে আলোচনা হয়। বৈঠকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব; রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান; বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা; বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স ও আর্কিটেক্টসের সভাপতি; ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের সহসভাপতি; গণপূর্ত অধিদপ্তর, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলীসহ সংশ্লিষ্ট সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ড্যাপ ও ইমারত বিধিমালা সংশোধনের জন্য উপদেষ্টা পর্যায়ে তিনটি, সচিব পর্যায়ে চারটি, মন্ত্রণালয় কর্তৃক গঠিত কমিটির ১০টি ও রাজউকে অংশীজনদের সঙ্গে ২০টি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসব বৈঠকে নানা প্রস্তাব ও মতামতের ভিত্তিতে খসড়ায় ঐকমত্যে পৌঁছানো হয়।
ওই বৈঠকে বিদ্যমান রাস্তার ভিত্তিতে ফ্লোর এরিয়া রেশিও (এফএআর), এলাকাভিত্তিক এফএআর ও জনঘনত্ব নির্ধারণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। গ্রামীণ এলাকার (যেমন দাসেরকান্দি, কাঁচপুর, ময়নারটেক, আলীপুর, রুহিতপুর, বিরুলিয়া, বনগ্রাম ইত্যাদি) মোট ১৬টি জনঘনত্ব ব্লকের এফএআর সামান্য সমন্বয় করা হয়েছে।
কেন্দ্রীয় ও নগর এলাকার এফএআর আগের ন্যায় বহাল থাকবে। এ ছাড়া ২০১১ সালের বিবিএস হাউসহোল্ড সাইজ বিবেচনায় আবাসন ইউনিট নির্ধারণের সিদ্ধান্ত হয়।
ড্যাপের (২০২২–৩৫) নীতিমালায় প্রতি পাঁচ বছর অন্তর আপডেটের বিধান থাকায় আগামী এক বছরের মধ্যে একটি কারিগরি কমিটি গঠন করে পরিকল্পনার উন্নয়ন ও আপগ্রেডেশন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কমিটি ঢাকার বাসযোগ্যতা বাড়াতে রাজউককে নীতি ও প্রযুক্তিগত পরামর্শ দেবে।
এ বিষয়ে রাজউকের প্রধান নগর পরিকল্পনাবিদ আশরাফুল ইসলাম ইউএনবিকে বলেন, আজকের বৈঠকে ড্যাপ সংশোধনের খসড়া চূড়ান্ত হয়েছে। এখন ড্যাপসংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটিতে পাঠানো হবে চূড়ান্ত অনুমোদনের জন্য।
তিনি আরও বলেন, ড্যাপসংক্রান্ত উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর সংশোধিত গেজেট প্রকাশ করা হবে। সংশোধিত ড্যাপে কী সুবিধা পাওয়া যাবে—জানতে চাইলে তিনি বলেন, ছোট-বড় জায়গায় কিছু না কিছু হলেও এফএআর বাড়বে, তাতে সবারই সুবিধা হবে।
চূড়ান্ত অনুমোদন পেতে কত সময় লাগতে পারে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যেহেতু আজকের বৈঠকে গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টার সভাপতিত্বে সংশ্লিষ্ট সবাই অনুমোদন দিয়েছে, তাই আশা করছি, ড্যাপসংক্রান্ত উপদেষ্টা পরিষদের অনুমোদনসহ সব মিলিয়ে আগামী এক মাসের মধ্যে গেজেট প্রকাশ করা যাবে।
উল্লেখ্য, ২০২২ সালের ২৪ আগস্ট নতুন ড্যাপের গেজেট প্রকাশের পর থেকে আবাসন খাতের উদ্যোক্তা ও ভূমিমালিকদের পক্ষ থেকে সংশোধনের দাবি ওঠে। আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের আমলেও ডেভেলপাররা এ দাবি অব্যাহত রাখে।
সর্বশেষ ২০ মে ঢাকা সিটি ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশন রাজউক ভবন ঘেরাও কর্মসূচি পালন করে এবং দাবি পূরণ না হলে রাজউকের কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। এরই পরিপ্রেক্ষিতে সরকার সংশোধনপ্রক্রিয়া শুরু করে।
আরও খবর পড়ুন:

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩০ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৩৩ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে