
জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্যাপিত হচ্ছে ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি। এ উপলক্ষে ষাটোর্ধ্ব প্রাক্তন শিক্ষার্থী থেকে শুরু করে ১০ বছরের বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে জমে উঠেছে এক আবেগঘন নবীন-প্রবীণের মিলনমেলা। যেন সবাই ফিরে গেছেন শৈশবের স্কুলজীবনে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় বেলুন উড়িয়ে দুই দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যা। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. নজরুল ইসলাম।
এর আগে তীব্র শীত ও কুয়াশা উপেক্ষা করে ভোর থেকেই স্কুল প্রাঙ্গণে জড়ো হতে থাকেন প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। সকাল সাড়ে ৯টা থেকে কোরআন তেলাওয়াত, গীতাপাঠ, সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন, শপথপাঠ ও শারীরিক ব্যায়ামের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।
বেলা ১১টায় প্রায় ৫ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে স্কুল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক ঘুরে জনতা ব্যাংক মোড়, থানা রোড, কাঠপট্টি, সরকারি রাজেন্দ্র কলেজ সড়ক ও কোর্ট চত্বর হয়ে পুনরায় স্কুল প্রাঙ্গণে এসে শেষ হয়।
প্রথম দিনের কর্মসূচিতে স্মৃতিচারণা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজন রাখা হয়েছে।
ব্রিটিশ-ভারতের সরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত হাতে গোনা যে কয়েকটি বিদ্যালয় রয়েছে, ফরিদপুর জিলা স্কুল তার অন্যতম। ১৮৪০ সালে প্রতিষ্ঠার পর থেকে বিদ্যালয়টি এই অঞ্চলের শিক্ষা, সংস্কৃতি, কৃষ্টি ও নানা সামাজিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। দীর্ঘ পথপরিক্রমায় আজও ফরিদপুর জিলা স্কুল একটি সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নিজস্ব মর্যাদা ও ভাবমূর্তি অটুট রেখেছে।
অনুষ্ঠানকে সফল করতে গঠন করা হয়েছে ‘গৌরবময় ১৮৫ বর্ষ উদ্যাপন ও পুনর্মিলনী উদ্যাপন কমিটি’। ২১ সদস্যবিশিষ্ট এই কমিটির আহ্বায়ক ফরিদপুরের বিশিষ্ট চিকিৎসক মোস্তাফিজুর রহমান শামীম এবং সদস্যসচিব ওয়াহিদ মিয়া কুটি। এ ছাড়া বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে ১৮টি উপকমিটি গঠন করা হয়েছে।
উদ্যাপন কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শামীম বলেন, ‘এই উৎসবের মূল উদ্দেশ্য আমাদের প্রিয় স্কুলের সমৃদ্ধ অতীত ও ঐতিহ্য সবার সামনে তুলে ধরা এবং নতুন প্রজন্মকে তাদের ইতিহাস ও শিকড়ের সঙ্গে পরিচিত করা।’
আয়োজক কমিটি জানায়, অনুষ্ঠানের দ্বিতীয় দিনের সাংস্কৃতিক পর্বে জনপ্রিয় নগরবাউল জেমস সংগীত পরিবেশন করবেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে