
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের নাল্লা গ্রামে কমিউনিটি ক্লিনিকটি কার্যক্রম আজও শুরু করেনি। ২০২২ সালে নাল্লা কমিউনিটি ক্লিনিকের ভার্চুয়ালি উদ্বোধন হলেও এর কার্যক্রম শুরু না হওয়ায় এখানকার হাজারো মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
সরেজমিনে দেখা গেছে, ক্লিনিকটির দরজায় এখনো ঝুলছে তালা, আর ভেতরে অবস্থা বেশ করুণ। বখাটেদের আড্ডা চলছে এখানে, জানালার গ্লাস ভেঙে গেছে, পানির ট্যাংক চুরি হয়ে গেছে এবং শুরুতে বিদ্যুৎ-সংযোগ থাকলেও বর্তমানে তাও নেই। দেয়ালের প্লাস্টার ঝরঝর হয়ে যাচ্ছে এবং দেয়ালে ফাটল ধরেছে। ধুলাবালু ও মাকড়শার জালে ভরে গেছে কক্ষগুলো। এই অবস্থায়, এলাকার মানুষ চিকিৎসাসেবা পেতে প্রয়োজনীয় পদক্ষেপের আশায় সরকারের প্রতি আবেদন জানিয়েছেন।
স্থানীয়রা জানান, কমিউনিটি ক্লিনিকটির নির্মাণকাজ ২০১৮ সালে শেষ হলেও ২০২২ সালে ভার্চুয়ালি এর উদ্বোধন করা হয়। তবে উদ্বোধনের পরও কার্যক্রম শুরু হয়নি। এতে করে এলাকার মানুষদের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিশেষ করে, বয়স্ক, শিশুসহ নানা রোগে আক্রান্ত লোকজনের জন্য স্বাস্থ্যসেবা পাওয়া কঠিন হয়ে পড়েছে। এই ক্লিনিকটি কার্যক্রম শুরু না হওয়ার কারণে তাদের চিকিৎসাসেবার জন্য দূরবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যেতে বাধ্য হচ্ছে, যা তাদের জন্য অনেকটাই কষ্টকর।
এলাকার বাসিন্দারা বলছেন, এই এলাকার মানুষরা অনেক দিন ধরে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। কমিউনিটি ক্লিনিকটি তাদের একমাত্র আশার জায়গা ছিল। তবে এটি উদ্বোধনের চার বছর পরও এর কার্যক্রম শুরু না হওয়ায় তারা হতাশ। তাঁরা আরও বলেন, এখনো পর্যন্ত ক্লিনিকটি চালু না হওয়ায়, স্থানীয়ভাবে জরুরি চিকিৎসা প্রয়োজন এমন কোনো ব্যক্তিকে চিকিৎসা দিতে না পারার কারণে মৃত্যু হতে পারে। এলাকার বাসিন্দারা আশা করছেন, সরকার শিগগিরই এই কমিউনিটি ক্লিনিকটি চালু করবে। এলাকার জনগণের জন্য কমিউনিটি ক্লিনিকটি একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে দাঁড়িয়ে রয়েছে। সরকারের দ্রুত উদ্যোগে এটি সঠিকভাবে চালু হলে, এলাকার মানুষ তাঁদের স্বাস্থ্যসেবা পেতে পারবেন এবং বিপদের সময় চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন।
এ বিষয়ে স্থানীয় দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিসুর রহমান রিপন ভূইয়া বলেন, ‘আমরা অনেকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি, তবে আজও কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এলাকার জনগণের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। আমরা চাই, দ্রুত এ ক্লিনিকটি চালু হোক, যাতে এলাকার মানুষ সঠিক চিকিৎসাসেবা পেতে পারেন।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ শেখ হাসিবুর রেজা বলেন, ‘কমিউনিটি ক্লিনিকটি চালু করতে বেশ কিছু প্রশাসনিক জটিলতা ছিল। তবে আমরা দ্রুত এ ক্লিনিকটি সচল করার জন্য পদক্ষেপ নিচ্ছি। আশা করছি, শিগগিরই এ ক্লিনিকটি পূর্ণরূপে চালু হয়ে এলাকার জনগণকে সেবা দিতে সক্ষম হবে।’

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
৭ মিনিট আগে
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৪১ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে