
কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) বকেয়া বেতন-ভাতা পরিশোধ এবং পুনরায় কাজে ফেরার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন নাসা গ্রুপের অন্তর্ভুক্ত বিভিন্ন কারখানার শ্রমিকেরা। আজ রোববার সকালে ১ নম্বর ফটকের সামনে তাঁরা এই কর্মসূচি পালন করেন। পরে শ্রমিকেরা ইপিজেড এলাকার বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন।
শ্রমিকদের অভিযোগ, গত এপ্রিল থেকে নাসা স্পিনিং লিমিটেড, নাসা স্পিনারসসহ নাসা গ্রুপের কয়েকটি প্রতিষ্ঠান পর্যায়ক্রমে উৎপাদন কমাতে থাকে। পরে চলতি বছরের সেপ্টেম্বরে প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হলেও বহু শ্রমিকের কয়েক মাসের পাওনা থেকে যায়। কর্তৃপক্ষ বারবার সময় নিলেও বেতন-ভাতা পরিশোধের বিষয়ে নিশ্চিত কোনো তারিখ বা সিদ্ধান্ত দেয়নি।
শ্রমিকেরা আরও জানান, ২৯ নভেম্বর কর্তৃপক্ষ নতুন নোটিশ প্রকাশের পর শ্রমিকেরা আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁদের দাবি, নোটিশে বকেয়া পরিশোধ সম্পর্কে কোনো স্বচ্ছতা রাখা হয়নি এবং নির্দিষ্ট তারিখও উল্লেখ করা হয়নি।
মানববন্ধনে অংশ নেওয়া শ্রমিকেরা জানান, তাঁরা হয় কাজে ফিরে যেতে চান, না হলে বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিই তাঁদের একমাত্র শর্ত।
রাবেয়া বেগম নামে এক নারী শ্রমিক বলেন, ‘আমরারে বেতন দিতে কন, পোলা-মাইয়া না খাইয়া আছে। নাসা গ্রুপের মালিক আসুক, সমাধান করুক। বেপজার লোকেরা শুধু মিথ্যা সান্ত্বনা দেয়।’
বিলকিস আক্তার নামের আরেক শ্রমিক বলেন, ‘ঘর ভাড়া দিতে পারছি না। অনেক দিন চুলায় আগুন জ্বলে না। পাওনা ছাড়া ঘরে ফিরব না।’
কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জামাল হোসেন বলেন, ‘সকাল থেকে বেতন-ভাতার দাবিতে শ্রমিকেরা আন্দোলন-বিক্ষোভ করছেন। কারখানা কর্তৃপক্ষ বিষয়টি সমাধানের চেষ্টা করছে। তবে বিকেল পর্যন্ত শ্রমিকেরা ইপিজেডের ফটকে অবস্থান করছেন।’
এ বিষয়ে নাসা গ্রুপের নির্বাহী পরিচালক মেজর আব্দুল হাফিজ শ্রমিকদের শান্ত থাকার অনুরোধ জানিয়ে বলেন, ‘৩০ নভেম্বর বেতন-ভাতা দেওয়ার কথা থাকলেও কোম্পানি বর্তমানে বড় চ্যালেঞ্জের মধ্যে রয়েছে। তবু শ্রমিকদের ধৈর্যের জন্য কৃতজ্ঞ। সমস্যার সমাধানে কাজ চলছে।’
কুমিল্লা ইপিজেডের ব্যবস্থাপক (জিএম) আব্দুল্লাহ আল মাহবুব আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল থেকেই আমরা শ্রমিক ও মালিক পক্ষের সঙ্গে আলোচনা করেছি এবং বিষয়টির সমাধানে সর্বোচ্চ চেষ্টা চালিয়েছি। ইতিমধ্যে মালিক পক্ষের সঙ্গে কথা বলে আজ (রোববার) দুপুরে প্রায় ২৫ শতাংশ শ্রমিকের বকেয়া বেতন তাঁদের নিজ নিজ অ্যাকাউন্টে (হিসাব) দেওয়া হয়েছে। অবশিষ্ট ৭৫ শতাংশ বকেয়ার ক্ষেত্রে আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটির সম্পত্তি বিক্রি করে সেই অর্থ শ্রমিকদের পাওনা পরিশোধ করা হবে। আমরা বিষয়টি বিস্তারিতভাবে শ্রমিকদের বুঝিয়েছি। ফলে তাঁরা বিকেলে কর্মসূচি থেকে সরে এসেছেন। তবে কিছু শ্রমিক হয়তো এখনো অবস্থান করে থাকতে পারেন।’

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
৩৭ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
৪১ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
২ ঘণ্টা আগে