
চুয়াডাঙ্গার জীবননগরে সোনা চোরাচালানকে কেন্দ্র করে অপহরণের ২৩ দিন পর পাঁচ ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। শ্বাসরুদ্ধকর অভিযানে আজ বুধবার যশোরের ঝিকরগাছা উপজেলার একটি নির্জন খামারবাড়ি থেকে তাঁদের উদ্ধার করে চুয়াডাঙ্গা জেলা-পুলিশ। পাঁচজনের শরীরেই নির্মম নির্যাতনের চিহ্ন রয়েছে। এমনকি একজনের হাতের চারটি আঙুল কেটে দেওয়া হয়েছে।
অভিযানে অপহরণ চক্রে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি), সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও পুলিশ সুপারের বিশেষ টিমের সমন্বয়ে এই অভিযান চালানো হয়। এর আগে এ ঘটনায় জড়িত সন্দেহে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল।
আজ সন্ধ্যায় সংবাদ সম্মেলনে জেলা পুলিশ জানায়, আজ সকাল ৭টায় ঝিকরগাছার হাজিরবাগ ইউনিয়নের কুল্লা গ্রামের রেজাউল ইসলামের খামারবাড়ি ঘিরে ফেলে পুলিশ। এই খামারবাড়ির গুদামেই অপহৃত ব্যক্তিদের আটক রাখা হয়েছিল। অভিযানের সময় ভিকটিমদের পাহারারত অবস্থায় থাকা মো. বিল্লাল হোসেন (৪০) ও তাঁর স্ত্রী মোছা. সাগরিকা খাতুনকে (২৮) গ্রেপ্তার করা হয়। এ ছাড়া অপহৃত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া পল্লিচিকিৎসক বিকাশ দেবনাথকেও (৩০) পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে খামারবাড়ির মালিক রেজাউল ইসলাম ও আব্দুল গফ্ফার অভিযানের আগেই পালিয়ে যান।
পুলিশ জানায়, মূলত সোনা চোরাচালান ও ৫০ পিস সোনার বার খোয়া যাওয়াকে কেন্দ্র করে এই অপহরণের ঘটনা। অপহৃত ব্যক্তিদের অমানসিক শারীরিক নির্যাতন করা হয়। সবচেয়ে নির্মম বিষয়টি হলো, সোনা পাচারকারী ও অপহৃত ব্যক্তিদের মধ্যে একজন মো. শফিকুল ইসলামের চারটি আঙুল কেটে দেওয়া হয়েছে। সোনার বার উদ্ধারের জন্যই মালিকপক্ষের নির্দেশে এই নির্যাতন চালানো হয়।
সংবাদ সম্মেলনে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের বলেন, গত ১২ ও ১৩ অক্টোবর গোয়ালপাড়া (মাঠপাড়া) গ্রামের শফিকুল ইসলাম শফি (৩৫), আনারুল ইসলাম (৫০), হাসান মিয়া (২৬), আবুল হোসেন (২৭) ও স্বপন ইসলাম (৪৪)—এই পাঁচজনকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় ভিকটিম হাসান মিয়ার বাবা শওকত আলী বাদী হয়ে আবদুল মজিদ, মিজানুর রহমান রুবেল, লালন মণ্ডল, আবদুস সামাদ, বিপ্লব হোসেন ও শাহীনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা তিন থেকে চারজনের বিরুদ্ধে জীবননগর থানায় অপহরণ মামলা করেন।
মামলায় আসামি করা হয় স্থানীয় আবদুল হাকিম ফকিরের তিন ছেলে আবদুল মজিদ (৪০), আবদুস সামাদ (৪৫) ও বিপ্লব হোসেন (৫০); মনসুর আলীর ছেলে লালন মণ্ডল (৪২); বাবলুর ছেলে শাহিন (৩২) এবং মো. বারির ছেলে রুবেলকে (৩০)।
বিস্তারিত বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের বলেন, তদন্তের স্বার্থে এখনই সব তথ্য বলা সম্ভব হচ্ছে না। এই মামলার মূল আসামিরা এখনো পলাতক। উদ্ধার করা ভিকটিমদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। এই অপহরণ ও নৃশংস নির্যাতনের সঙ্গে জড়িত মূল হোতাদের দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
৬ মিনিট আগে
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৪০ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৪৪ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে