
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন বলেছেন, ‘আমি গতকালকে মাননীয় মন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলেছি। উনাকে আমি বলেছি যে গাছ কেটে সিআরবিতে কখনো কোনো হাসপাতাল বা স্থাপনা আমরা করতে দেব না। আর এটা চট্টগ্রামবাসীও কখনো মেনে নেবে না।’
আজ রোববার (১৯ এপ্রিল) সকালে নগরের জামালখান লিচুবাগান এলাকায় ‘নগরীর খাল-নালা পরিষ্কারের বিশেষ কার্যক্রম’ উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন মেয়র।
জানা গেছে, আজ বিকেলে চট্টগ্রামের পূর্বনির্ধারিত সফরসূচি অনুযায়ী সড়ক, রেল, সেতু ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলমের সিআরবিতে প্রস্তাবিত বেসরকারি হাসপাতাল নির্মাণের প্রকল্প এলাকা পরিদর্শনের কথা রয়েছে।
সিআরবিতে ফের হাসপাতাল নির্মাণের উদ্যোগের খবর শুনে গত দুদিন ধরে চট্টগ্রামের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষ এর প্রতিবাদ জানিয়ে আসছে। রোববার সকাল থেকে ‘সিআরবি রক্ষা মঞ্চ’ সিআরবি এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করছে।
এর মধ্যে মেয়র শাহাদাত হোসেনও সিআরবিতে হাসপাতাল নির্মাণ নিয়ে নিজের অবস্থান ব্যক্ত করেন।
মেয়র শাহাদাত হোসেন বলেন, ‘উনিও (রেলপথমন্ত্রী) এ ব্যাপারে একমত। উনি বলেছেন, পুরোনো যে হাসপাতালটা আছে সেটা উনি দেখবেন। ওই হাসপাতালটার অবকাঠামো, দরকার হলে ওটা ভেঙে হলেও কীভাবে একটা সুন্দর হাসপাতাল করা যায়, তা নিয়ে আলোচনা করবেন। এটাও আমাদের সময়ের দাবি, যেহেতু ওই হাসপাতালটায় রোগী আসে না।’
এর আগে শনিবার সিআরবিতে হাসপাতাল নির্মাণ কার্যক্রম বন্ধ ঘোষণার দাবিতে চট্টগ্রামের বিশিষ্ট নাগরিকেরা বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে উল্লেখ করা হয়, ২০০৮ সালে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) প্রণীত ডিটেইল এরিয়া প্ল্যানে (ড্যাপ) সিআরবি কালচারাল হেরিটেজ হিসেবে চিহ্নিত হয়। ২০০৯ সালের ২৫ জানুয়ারি তা গেজেট আকারে প্রকাশিত হয়। ড্যাপের নির্দেশনা অনুযায়ী, বাণিজ্যিক উদ্দেশ্যে সিআরবির কোনো অংশ ব্যবহার করা যাবে না এবং এখানে কোনো বহুতল ভবন নির্মাণ করা যাবে না। শুধু পর্যটকদের আকর্ষণ করতে পাখির অভয়ারণ্য, জাদুঘর, প্রজাপ্রতি উদ্যান প্রতিষ্ঠা করা যাবে।
উল্লেখ্য, ২০২১ সালের জুলাই মাসে তৎকালীন সরকার সিআরবিতে হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিলে এর প্রতিবাদে চট্টগ্রামের নাগরিক সমাজ, ‘সিআরবি রক্ষা মঞ্চ’সহ বেশ কিছু সামাজিক সাংস্কৃতিক সংগঠন টানা ১৫ মাস আন্দোলন চালিয়ে যায়। একপর্যায়ে তৎকালীন সরকারের মন্ত্রী, সংসদ সদস্যসহ স্থানীয় অধিকাংশ রাজনৈতিক দলের নেতা সিআরবিতে হাসপাতাল না করার পক্ষে অবস্থান নিলে সেখানে প্রকল্প বাস্তবায়ন বন্ধ থাকে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে