
ছয় বছর ধরে চট্টগ্রাম বন্দরের বরাদ্দ নেওয়া প্রায় সাত একর (৩০ হাজার বর্গমিটার) জমির ভাড়া পরিশোধ করেনি সাইফ পাওয়ারটেকের সহযোগী প্রতিষ্ঠান ই-ইঞ্জিনিয়ারিং। পতেঙ্গা এলাকার এই জায়গার বিপরীতে ভাড়া ও ভ্যাট মিলিয়ে বকেয়া দাঁড়িয়েছে প্রায় ৪ কোটি ৪৩ লাখ টাকা। একাধিক নোটিশের পরও টাকা আদায় না হওয়ায় শেষ পর্যন্ত মামলা করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
২০১৮ সালের ২৩ সেপ্টেম্বর ই-ইঞ্জিনিয়ারিংয়ের আবেদনের ভিত্তিতে পতেঙ্গা ১৫ নম্বর খালের পাশে খোলা জায়গাটি অস্থায়ীভাবে ছয় মাসের জন্য বরাদ্দ দেওয়া হয়। তখন সেখানে বেশ কিছু নির্মাণকাজ চলছিল। নির্মাণসামগ্রী ও মালামাল রাখার সুবিধার্থে স্পেস রেন্টের ভিত্তিতে জমিটি দেওয়া হয়।
জমির দখল বুঝে নেওয়ার পর ২০১৯ সালের মার্চ পর্যন্ত নিয়মিত ভাড়া ও ভ্যাট পরিশোধ করে প্রতিষ্ঠানটি। এরপর শুরু হয় অনিয়ম। ২০১৯ সালের মার্চ থেকে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত দীর্ঘ সময় ভাড়া পরিশোধ করা হয়নি। এই ছয় বছরে মাত্র ছয় মাসের ভাড়া দেওয়া হয়েছে।
বন্দর কর্তৃপক্ষ জানায়, বকেয়া আদায়ে তারা ধাপে ধাপে ব্যবস্থা নেয়। ২০২২ সালের ৩১ অক্টোবর প্রথম নোটিশ পাঠানো হয়। সাড়া না পেয়ে ২০২৩ সালের ২৩ মার্চ দ্বিতীয়বার এবং ২০২৪ সালের ২৬ ডিসেম্বর তৃতীয়বার চিঠি দেওয়া হয়। প্রতিবারই নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া পরিশোধের অনুরোধ জানানো হয়। কিন্তু কার্যত কোনো পদক্ষেপ নেয়নি ই-ইঞ্জিনিয়ারিং।
উদ্ভূত পরিস্থিতিতে ২০২৫ সালের ১৫ মার্চ বন্দরের বোর্ড সভায় জমির বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত হয়। যুক্তি হিসেবে বলা হয়, সরকারি সম্পদ ব্যবহার করে দীর্ঘ সময় ধরে ভাড়া না দেওয়া গুরুতর অনিয়ম। সভায় বকেয়া আদায়ে মামলা করার বিষয়েও একমত হয় কর্তৃপক্ষ।
গত বছরের ৩০ জুলাই পাঠানো লিগ্যাল নোটিশে বলা হয়, ৪ কোটি ৪২ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা বকেয়া ভাড়া ও ভ্যাট নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করতে হবে। একই সঙ্গে বরাদ্দ বাতিল হওয়া জমির দখল বন্দর কর্তৃপক্ষকে বুঝিয়ে দিতে হবে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এতেও কোনো সাড়া মেলেনি। সর্বশেষ চলতি বছরের গোড়ার দিকে আদালতে মামলা করা হয়।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সহকারী ব্যবস্থাপক (এস্টেট-২) মো. রায়হান উদ্দিন বলেন, সরকারি রাজস্ব আদায়ের স্বার্থে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। নোটিশ ও আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করা হয়েছিল। কিন্তু ফল না পাওয়ায় আদালতের শরণাপন্ন হতে হয়েছে।
ই-ইঞ্জিনিয়ারিং হলো সাইফ পাওয়ারটেকের সহযোগী প্রতিষ্ঠান। সাইফ পাওয়ারটেক দীর্ঘদিন ধরে বন্দরসংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রমের সঙ্গে যুক্ত। তারা ১৭ বছর ধরে নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনা করেছে। বর্তমানে চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল এবং ঢাকার কমলাপুর আইসিডি পরিচালনা করছে। পতেঙ্গা কনটেইনার টার্মিনাল নির্মাণকাজেও ঠিকাদার হিসেবে তাদের সহযোগী প্রতিষ্ঠান যুক্ত ছিল।
এ বিষয়ে জানতে সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিনের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তারও জবাব পাওয়া যায়নি।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে