
চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দলের দুই নেতার অনুসারীদের মধ্যে গোলাগুলি, পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার দিবাগত রাতে খুলশী থানাধীন লেকভ্যালি আবাসিক এলাকা এবং আকবরশাহ থানাধীন ফয়’স লেক এলাকায় ঘণ্টাব্যাপী এই সংঘর্ষের ঘটনা ঘটে।
তবে আজ শনিবার বেলা আড়াইটা পর্যন্ত এই ঘটনায় কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান আজ দুপুরে বলেন, স্থানীয় এরশাদ আলম নামে এক ব্যক্তির জমির সীমানাপ্রাচীর ভাঙার অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
ওসি বলেন, ‘সংঘর্ষে দু-একজন আহত হয়েছেন বলে শুনেছি। এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি জানান, দুই গ্রুপের বিরোধের বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ওয়াকিল হোসেন ওরফে ‘বোমা বগা’র অনুসারীদের সঙ্গে ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. হানিফের অনুসারীদের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। জমি দখল ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে এর আগেও একাধিকবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। বিশেষ করে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর থেকে এলাকায় আধিপত্য নিয়ে বিরোধ আরও প্রকট হয়ে ওঠে।
সূত্র জানায়, কয়েক দিন ধরে লেকভ্যালি আবাসিক এলাকায় একটি সরকারি খাসজমির সীমানাপ্রাচীর ভাঙা এবং জায়গাটির নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে ওয়াকিল হোসেন বগা গ্রুপ ও রাজিব গ্রুপের অনুসারীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এর ধারাবাহিকতায় শুক্রবার রাতে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় দুই পক্ষের মধ্যে গোলাগুলি, পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ এবং ছুরিকাঘাতের ঘটনা ঘটে। দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষ এলাকায় মহড়া দেয়। প্রায় এক ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উল্লেখ্য, গত বছরের এপ্রিলে নগর যুবদলের সাবেক আহ্বায়ক হেলাল ও মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াকিল হোসেন বগার অনুসারীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছিল।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে