
চট্টগ্রামে অনলাইনভিত্তিক বাজার ‘চালডাল ডটকম’-এ গত ঈদে বেতন-বোনাসের দাবিতে আন্দোলনের সম্মুখভাগে থাকা এক কর্মচারীকে ছাঁটাইয়ের প্রতিবাদে প্রতিষ্ঠানটির অন্য কর্মচারীরা মিলে কর্মবিরতি পালন করেছেন। আজ বুধবার সকাল থেকে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকায় প্রতিষ্ঠানটির ৩৫ জনের বেশি কর্মচারী এই কর্মবিরতি পালন করেন। বিকেল ৫টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত কর্মবিরতি চলছিল। এতে প্রতিষ্ঠানটির সব ডেলিভারি কাজ দিনভর বন্ধ ছিল।
মো. ইব্রাহিম নামের বরখাস্তকৃত ওই কর্মচারী প্রতিষ্ঠানটিতে একজন ডেলিভারিম্যান হিসেবে কর্মরত ছিলেন।
জানা গেছে, পণ্য ডেলিভারির সময় গুণগত মান নিয়ে গ্রাহকের অভিযোগ, দায়িত্বে অবহেলাসহ আরও দুটি কারণ দেখিয়ে ওই কর্মচারীকে বরখাস্ত করে কর্তৃপক্ষ। তবে প্রতিষ্ঠানটির কর্মচারীরা জানান, গত ঈদুল ফিতরে মালিকপক্ষ যখন সময়মতো বেতন-বোনাস পরিশোধ করছিল না, তখন কর্মচারীদের দাবিদাওয়া নিয়ে হওয়া আন্দোলনের সম্মুখভাগে ছিলেন ছাঁটাই করা এই কর্মচারী। কর্তৃপক্ষ সুযোগ বুঝে একটা ঠুনকো অজুহাত দেখিয়ে তাঁকে অন্যায়ভাবে বরখাস্ত করেছে।
চালডাল ডটকমের ডেলিভারিম্যান হিসেবে কর্মরত মো. বেলাল ও মো. রবিন বলেন, ‘শ্রমিক আইন অনুযায়ী সব পাওনা বুঝিয়ে না দিয়ে অন্যায়ভাবে ওই কর্মচারীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। এভাবে ছাঁটাই করা বেআইনি। কর্মচারীর বেতন-ভাতা বুঝিয়ে দেওয়া এবং ভবিষ্যতে যাতে এভাবে কাউকে ছাঁটাই করতে না পারে, সে জন্য পাঁচ দফা দাবিতে আমাদের কর্মবিরতি চলছে।’
জানতে চাইলে চালডাল ডটকমের চট্টগ্রাম অফিসের ব্যবস্থাপক মো. ইমরান আজকের পত্রিকাকে বলেন, ‘কী কারণে ওই কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে, উনাকে পাঠানো নোটিশে সেটা উল্লেখ রয়েছে। এরপরও বরখাস্তের বিষয়ে যদি কোনো অভিযোগ থাকে, তাহলে সুনির্দিষ্ট কারণসহ তা উল্লেখ করে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবর আবেদন করতে পারেন। এরপর যথাযথ কর্তৃপক্ষ উনার বিষয়ে সিদ্ধান্ত নিবে। কর্মবিরতির কারণে সাময়িকভাবে কার্যক্রম কিছুটা ব্যাহত হলেও আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি।’
বরখাস্ত করা কর্মচারী মো. ইব্রাহিম বলেন, ‘যেসব কারণ দেখিয়ে আমাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, এই ধরনের কোনো কিছুই হয়নি। এসবের সুনির্দিষ্ট কোনো প্রমাণ উনারা দেখাতে পারবেন না। মূলত গত ঈদে আন্দোলনের কারণে কর্তৃপক্ষ কৌশলে একটা মিথ্যা অভিযোগ দিয়ে আমাকে চাকরি থেকে বরখাস্ত করেছে। আমি এর প্রতিকার চাইব।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে