
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় শীতের রাতে সড়কের পাশ থেকে উদ্ধার শিশু আয়েশাকে আদালতের নির্দেশে দাদির জিম্মায় হস্তান্তর করা হয়েছে। আজ সোমবার (১২ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু অপরাধ ট্রাইব্যুনাল-১ সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে শিশুটিকে তার দাদি পারভিনা আক্তারের কাছে বুঝিয়ে দেন।
এ সময় অরক্ষিত অবস্থায় শিশুকে ফেলে যাওয়ায় এবং নির্যাতনের অভিযোগের মামলায় আয়েশার বাবা খোরশেদ আলমকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে পুনরায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, শিশুটির নিরাপত্তা ও ভবিষ্যৎ কল্যাণ বিবেচনায় তার দাদির জিম্মায় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত আইনগত প্রক্রিয়া অনুসরণ করে হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করা হয়।
আনোয়ারার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, আদালতের মাধ্যমে শিশু আয়েশাকে তার দাদির কাছে হস্তান্তর করা হয়েছে। সে এখন খাগড়াছড়ির মানিকছড়িতে দাদির সঙ্গে বসবাস করবে। শিশুটির বাবা এখনো জামিন পাননি। আদালত জানিয়েছেন, বিষয়টি বিবেচনাধীন রয়েছে।
তাহমিনা আক্তার আরও বলেন, শিশুটির বাবা জামিনে মুক্ত হলে তাঁর কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এ বিষয়ে একটি সংস্থার সঙ্গে প্রশাসনের যোগাযোগ হয়েছে।
শিশু আয়েশাকে ফিরে পেয়ে আবেগাপ্লুত দাদি পারভিনা আক্তার বলেন, ‘নাতনিকে ফিরে পাওয়ার আশায় বুকভরা কষ্ট নিয়ে দিন কাটিয়েছি। আদালতের মাধ্যমে তাকে আমার কাছে বুঝিয়ে দেওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া। আমি আমার নাতনিকে আগলে রাখব।’
গত ২৮ ডিসেম্বর রাতে চট্টগ্রামের পিএবি সড়কের পাশ থেকে অভিভাবকহীন অবস্থায় শিশু আয়েশা ও তার ছোট ভাই মোর্শেদকে উদ্ধার করেন এক সিএনজিচালিত অটোরিকশার চালক। পরে জেলা ও উপজেলা প্রশাসন মানবিক বিবেচনায় শিশু দুটির দায়িত্ব নেয়। উদ্ধারের পর চিকিৎসাধীন অবস্থায় আয়েশার ছোট ভাই মোর্শেদের মৃত্যু হলে ঘটনাটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এ ঘটনায় আদালতের নির্দেশে শিশুদের বাবা-মায়ের বিরুদ্ধে অরক্ষিত অবস্থায় শিশু পরিত্যাগ ও নির্যাতনের অভিযোগে মামলা করা হয়। বর্তমানে শিশুটির বাবা কারাগারে রয়েছেন।
শিশুদের উদ্ধারকারী ও আশ্রয়দাতা সিএনজিচালক মো. মহিম উদ্দিন বলেন, ‘সেদিন রাতে রাস্তার পাশে দুই শিশুকে অসহায় অবস্থায় দেখে মানবিক দায়িত্ব থেকে তাদের উদ্ধার করি। নিজের সন্তান মনে করেই নিরাপদ স্থানে রাখি এবং প্রশাসনকে জানাই। আজ আয়েশাকে তার দাদির কাছে তুলে দিতে পেরে স্বস্তি পাচ্ছি।’
হস্তান্তরের সময় আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন আয়েশার দাদি পারভিনা আক্তার, বারখাইন ইউনিয়ন পরিষদের নারী সদস্য আফরোজা আক্তার মিতা, শিশুদের আশ্রয়দাতা অটোরিকশাচালক মো. মহিম উদ্দিন, স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের সদস্য সাফায়েত রায়হান শিহাব ও খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার চৌকিদার হাশেম।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে