Ajker Patrika

চট্টগ্রামে তেলসংকটকে পুঁজি করে গ্যাসচালিত যানেও বাড়তি ভাড়া আদায়

মো. ইমরান হোসাইন, কর্ণফুলী (চট্টগ্রাম) 
চট্টগ্রামে তেলসংকটকে পুঁজি করে গ্যাসচালিত যানেও বাড়তি ভাড়া আদায়
তেলসংকটকে কেন্দ্র করে সিনএজিচালিত যানবাহনেও অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

দক্ষিণ চট্টগ্রামে তেলসংকটকে পুঁজি করে গ্যাসচালিত অটোরিকশা ও বাসের ভাড়া অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। যাত্রীদের অভিযোগ, চালকেরা ইচ্ছেমতো ভাড়া দাবি করছেন, ফলে ভোগান্তিতে পড়েছেন দক্ষিণের লক্ষাধিক মানুষ।

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে সারা দেশের মানুষ যখন কর্মক্ষেত্রে ফিরছেন, তখন তাঁদের বাড়তি অর্থ গুনতে হচ্ছে জ্বালানি তেলের তীব্র সংকটের অভিযোগে। শহর থেকে শুরু করে প্রান্তিক জনপদ—সবখানেই জ্বালানি তেল এখন যেন ‘সোনার হরিণ’। সব মিলিয়ে তেলসংকটের প্রভাব সরাসরি পড়েছে দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা, কর্ণফুলী, পটিয়া, বাঁশখালী, পেকুয়া, চকরিয়া, কক্সবাজারসহ বিভিন্ন জেলার মানুষের মধ্যে।

আজ শুক্রবার বিকেলে সরেজমিনে দেখা যায়, কর্ণফুলীর মইজ্জ্যেরটেক, ক্রসিং ও বড়উঠানের পেট্রলপাম্প বন্ধ থাকায় ডিজেলচালিত বাস, গ্যাসচালিত অটোরিকশা ও তেলের রাইড শেয়ারিং সেবার ভাড়া অস্বাভাবিক বেড়ে গেছে। গ্যাসচালিত যানচালকদের এমন অরাজকতায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন স্বল্প আয়ের মানুষ ও কর্মক্ষেত্রে ফেরা শ্রমজীবীরা। প্রয়োজনের তাগিদে বাড়তি ভাড়া দিয়ে তাঁদের গন্তব্যে যেতে হচ্ছে।

কথা হয় আনোয়ারার চাতরী চৌমুহনী বাজার ট্রাফিক পুলিশ বক্সের সামনে দাঁড়ানো সিএনজি অটোরিকশার চালক হাফিজুর রহমানসহ বেশ কয়েকজন চালকের সঙ্গে। তাঁদের প্রশ্ন করা হয়, গ্যাসচালিত গাড়ি হওয়া সত্ত্বেও তাঁরা বাড়তি ভাড়া নিচ্ছেন কেন। উত্তরে তাঁরা জানান, দেশে তেলসংকট ও ঈদের বোনাস হিসেবে অনেকে বাড়তি ভাড়া নিচ্ছেন।

চট্টগ্রাম আদালতে চাকরিজীবী মো. ওসমান শাহ্ বলেন, ‘চাতরী চৌমুহনী থেকে মইজ্জ্যেরটেক ভাড়া ২০ টাকা হলেও ঈদের আগে ও আজ পর্যন্ত ভাড়া নিচ্ছে ৪০ থেকে ৫০ টাকা। আমরা যাত্রীরা তো অসহায়। তারা যা বলবে, তা মেনে নেওয়া ছাড়া উপায় নাই আমাদের। কারণ, আমাদের তো রাস্তায় চলতে হবে।’

ব্যাংকার দিদারুল ইসলামের ভাষ্য, তেলসংকটের অজুহাতে বাইক রাইডের ভাড়া প্রায় দ্বিগুণ করে নেওয়া হচ্ছে। তিনি জানান, যেখানে আগে ১৫০ থেকে ২০০ টাকায় যাওয়া যেত, এখন সেখানে ৩০০ থেকে ৩৫০ টাকা দিতে হচ্ছে। সময় বাঁচাতে অনেকেই বাইকের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন। তবে সাম্প্রতিক তেলসংকটে সেই সুবিধা এখন ব্যয়বহুল হয়ে উঠেছে।

একরামুল হক নামের এক রাইড শেয়ারিংয়ের চালক বলেন, পুরো চট্টগ্রামে কিউসি ছাড়া কোনো পাম্প তেল দিচ্ছে না। তেল নিতে গেলে অর্ধেক দিন চলে যায়, আবার ঠিকমতো তেলও পাওয়া যায় না। তাই বাধ্য হয়ে বেশি ভাড়া নিতে হচ্ছে।

যাত্রীদের অভিযোগ, বেশির ভাগ সিএনজি অটোরিকশা ও গণপরিবহন গ্যাসে চলে। অথচ অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য তেলের সংকট বা দাম বৃদ্ধির অজুহাতে চালকেরা ইচ্ছেমতো ভাড়া দাবি করছেন, ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।

খোঁজ নিয়ে জানা গেছে, চাতরী চৌমুহনী বাজার, আনোয়ারা সদর, কর্ণফুলীর ফকিনীর হাট, ক্রসিং, মইজ্জ্যেরটেক, নতুন ব্রিজসহ রাইড শেয়ারিং, সিএনজি অটোরিকশা ও বাসের চালকেরা বাড়তি ভাড়া আদায় করছেন।

আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা দৈনিক আজকের পত্রিকাকে বলেন, বাড়তি ভাড়া আদায়ের কোনো সুযোগ নেই। যেসব চালক অতিরিক্ত ভাড়া আদায় করছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ট্রাফিক পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া ঈদে নিরাপদ ও স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিত করতে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগ আমলের নিয়োগ: তদন্তের মুখে পুলিশ বাহিনীর সাড়ে ৯ হাজার নিয়োগ

বিশ্বের সবচেয়ে অপছন্দের দেশের তালিকা প্রকাশ

ইসরায়েলের পরমাণু বোমার তথ্য ফাঁসকারী আরব ইহুদি ভানুনুর ভাগ্যে কী ঘটেছিল

ট্রাম্পের নীতিতে খেপেছে জার্মানি, যুক্তরাষ্ট্রকে আঘাতে খুঁজছে দুর্বল জায়গা

গঙ্গাচড়ায় সহিংসতার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত