
সাংবাদিকদের মারধর করার অভিযোগে আগে থেকেই আলোচিত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উত্তর জোনের উপকমিশনার (ডিসি) আমিরুল ইসলামের বিরুদ্ধে এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নারী কর্মীর গায়ে হাত দেওয়ার অভিযোগ উঠেছে।
আজ সোমবার (১৮ মে) বেলা পৌনে ২টার দিকে নগরের টাইগারপাস এলাকায় শহীদ ওয়াসিম আকরাম এক্সপ্রেসওয়ের পিলারে গ্রাফিতি আঁকাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, পুলিশ বাধা দিতে গেলে এনসিপির নেতা-কর্মীদের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে ডিসি আমিরুল ইসলাম নুসরাত আক্তার নামের এক নারী কর্মীর গায়ে হাত দিয়ে তাঁকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এ ঘটনায় এনসিপির নেতা-কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
এর আগে গতকাল রোববার সন্ধ্যায় একই এলাকায় ‘জুলাই গ্রাফিতি অঙ্কন’ কর্মসূচি পালন করেন এনসিপির চট্টগ্রাম মহানগর শাখার নেতা-কর্মীরা। তাঁরা অভিযোগ করেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্দেশে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত গ্রাফিতি মুছে ফেলা হচ্ছে। এ নিয়ে মেয়র ও নগর বিএনপির সাবেক সভাপতি শাহাদাত হোসেনের বিরুদ্ধেও অভিযোগ তোলেন তাঁরা।
আজ সকালে নগরের জিইসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত সড়ক ও আশপাশ এলাকায় সভা-সমাবেশ এবং মিছিল নিষিদ্ধ ঘোষণা করে সিএমপি। এরপরও দুপুরে এনসিপির নেতা-কর্মীরা টাইগারপাস এলাকায় জড়ো হয়ে নতুন করে গ্রাফিতি আঁকার চেষ্টা করলে পুলিশ এতে বাধা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।
এ বিষয়ে জানতে চাইলে ডিসি আমিরুল ইসলাম বলেন, ‘আমি তরুণীদের কর্ডন করেছি। কারও গায়ে হাত দিইনি।’
নগর এনসিপির সদস্যসচিব আরিফ মঈনুদ্দিন বলেন, ‘জুলাই আন্দোলনের পক্ষে থাকা শিক্ষার্থীরা গ্রাফিতি আঁকতে গিয়েছিলেন। পুলিশ বাধা দিয়েছে। এ সময় ধাক্কাধাক্কির মধ্যে আমাদের কর্মী নুসরাত আক্তারের গায়ে হাত দিয়েছেন ডিসি আমিরুল ইসলাম।’
এর আগে সাংবাদিক নির্যাতনের অভিযোগেও আলোচনায় আসেন এই পুলিশ কর্মকর্তা। গত বছরের ১২ অক্টোবর চট্টগ্রামের খুলশী থানায় যমুনা টেলিভিশনের রিপোর্টার জোবায়েদ ইবনে শাহাদাত ও ক্যামেরাপারসন আসাদুজ্জামান লিমনকে মারধরের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সাংবাদিকদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। পরে তৎকালীন সিএমপি কমিশনার একটি তদন্ত কমিটি গঠন করেছিলেন। তৎকালীন সিএমপির অতিরিক্ত কমিশনার মো. হুমায়ুন কবিরকে তদন্তের দায়িত্ব দেওয়া হলেও সেই তদন্তের ফলাফল এখনো আলোর মুখ দেখেনি।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে