
চট্টগ্রামের আনোয়ারায় ঘরে ঢুকে এক গৃহবধূ ও তার এসএসসি পরীক্ষার্থী মেয়েকে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ সময় পাঁচ বছর বয়সী আরেক শিশুকেও হত্যার চেষ্টা করা হয়। গতকাল শনিবার রাত ১১টার দিকে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের চেনামতি গ্রামে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডে অভিযুক্ত তেজপ্রিয় বড়ুয়া (৩৫) পলাতক রয়েছে।
নিহতরা হলেন সুজন বড়ুয়ার স্ত্রী এ্যানি বড়ুয়া (৩৮) ও তার মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া (১৬)। প্রিয়ন্তী স্থানীয় মাহাতা পাঠনিকোটা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল। আহত পাঁচ বছরের শিশু প্রিয়াস বড়ুয়াকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরিবার জানায়, সে শঙ্কামুক্ত হলেও ভীষণ ট্রমার মধ্যে রয়েছে।
পুলিশ, পরিবার ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, শনিবার রাত আনুমানিক ১১টার দিকে এ্যানি বড়ুয়া ও প্রিয়ন্তী রান্নাঘরে রাতের খাবার তৈরির কাজে ব্যস্ত ছিলেন। তখন বাড়িতে কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্য ছিলেন না। এ সময় ধারালো ছুরি হাতে ঘরের পেছনের দরজা দিয়ে ভেতরে ঢোকেন অভিযুক্ত তেজপ্রিয় বড়ুয়া, যিনি নিহতদের দূরসম্পর্কীয় আত্মীয় এবং একই বাড়ির বাসিন্দা।
জানা যায়, ঘরে ঢুকেই তেজপ্রিয় প্রথমে প্রিয়ন্তীর ওপর হামলা চালায় এবং এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। মেয়েকে বাঁচাতে এগিয়ে এলে এ্যানি বড়ুয়াকেও কুপিয়ে রক্তাক্ত করা হয়। এরপর মায়ের কোলে থাকা প্রিয়াস বড়ুয়াকেও আছাড় দিয়ে ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এলে হামলাকারী পালিয়ে যায়।
নিহতের জা সুরভী বড়ুয়া বলেন, ‘চিৎকার শুনে আমরা দৌড়ে তাদের ঘরের দরজায় গিয়ে ধাক্কা দিই। এ সময় রক্তাক্ত অবস্থায় এ্যানি কোনোমতে ভেতরের ছিটকিনি খুলে দরজা ঠেলে বের হন। তিনি তখনো নিশ্বাস নিতে নিতে হামলাকারী তেজপ্রিয়ের নাম বলছিলেন। কিন্তু হাসপাতালে নেওয়ার আগেই বাড়ির উঠানে তার মৃত্যু হয়। আর রান্নাঘরের মেঝেতে নিথর পড়ে ছিল মেয়ে প্রিয়ন্তীর লাশ।’
নিহতের আরেক স্বজন রঞ্জন বড়ুয়া বলেন, ‘খবর পেয়ে যখন বাড়িতে আসি, ততক্ষণে সব শেষ। আমাদের বাড়িরই ছেলে তেজপ্রিয় এই কাণ্ড ঘটিয়েছে। রাতে ঘরে কোনো পুরুষ মানুষ না থাকার সুযোগটা নিয়েছে সে।’
পরিবার ও পুলিশের প্রাথমিক ধারণা, অটোরিকশার চুক্তিপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা এবং পারিবারিক ও আর্থিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। নিহত এ্যানি বড়ুয়ার স্বামী সুজন বড়ুয়া জানান, তেজপ্রিয় বিদেশ থেকে ফেরার পর তার কোনো চাকরি বা আয়ের উৎস ছিল না। আত্মীয়তার কারণে তাকে ১ লাখ ১৭ হাজার টাকা দিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা কিনে দিয়েছিলেন তিনি।
সুজন বড়ুয়া বলেন, ‘তেজপ্রিয় মাঝেমধ্যে কিছু টাকা পরিশোধ করত, আবার কখনো দিত না। এ নিয়ে আমাদের মধ্যে কখনো কোনো বড় ঝগড়াবিবাদ হয়নি। তবে রিকশা কেনার সময় আমাদের মধ্যে একটি লিখিত চুক্তিপত্র বা স্ট্যাম্প করা হয়েছিল। আমার ধারণা, ওই লিখিত কাগজটি জোরপূর্বক ছিনিয়ে নিতেই সে রাতে আমাদের ঘরে ঢুকেছিল। আমার স্ত্রী-সন্তানরা বাধা দেওয়ায় তাদের এভাবে খুন করা হলো। আমার গোছানো সোনার সংসারটা নিমেষেই শেষ হয়ে গেল। আমি এই ঘাতকের ফাঁসি চাই।’
আজ দুপুর ২টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম। তিনি সাংবাদিকদের জানান, ‘নিহতের পরিবারের তথ্য ও আমাদের প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে যে, হত্যাকাণ্ডের সঙ্গে তেজপ্রিয় বড়ুয়া নামের ওই যুবক সরাসরি জড়িত। ধারণা করা হচ্ছে পরিকল্পনা করে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। সম্প্রতি ১ লাখ ১৭ হাজার টাকার একটি লেনদেন ছিল প্রতিবেশীর এক অভিযুক্তের সঙ্গে। মাসিক কিস্তির মাধ্যমে এসব টাকা পরিশোধের কথাও রয়েছে। এসব নিয়ে প্রথমে মেয়েকে এবং পরে মাকে কুপিয়ে হত্যা করে। সে বর্তমানে পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে জেলা পুলিশের একাধিক টিম ও ডিবি ইতিমধ্যে মাঠে নেমেছে। ঘটনার পরপরই পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। খুব দ্রুতই তাকে আইনের আওতায় আনা সম্ভব হবে।’
পুলিশ সুপার আরও জানান, নিহত মা ও মেয়ের লাশ সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে এবং এ ঘটনায় আনোয়ারা থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৩ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে লিয়াকত আলী লাদেন হত্যা মামলার অভিযুক্ত জুয়েল হোসেন ও তাঁর ছেলে রকি আজ রোববার আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। আদালত জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠিয়েছেন।
৩ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে সুমন মিয়া (২৪) নামে এক যুবকের বিরুদ্ধে প্রথম বিয়ে গোপন করে দ্বিতীয় বিয়ে করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোপনে বিয়ে করা এক এইচএসসি পরীক্ষার্থী (১৮) স্ত্রীর মর্যাদার দাবিতে ওই যুবকের বাড়িতে অনশনে বসেছেন...
৩ ঘণ্টা আগে
নরসিংদীর রায়পুরায় কদম ফুল পাড়া নিয়ে বিরোধের জেরে আহত যুবক সজল মিয়া ১৪ দিন চিকিৎসাধীন থাকার পর মারা যান। পরে হত্যার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিয়ে সালিসে ২০ লাখ টাকা জরিমানা করে বিষয়টি মীমাংসার অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে